পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সোমবার এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যূনতম মজুরির হার নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এর আগে, সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত ঘোষণা করা হয়েছিল।
নির্ধারিত সভার আলোচ্যসূচিতে রয়েছে- গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেওয়া। পাশাপাশি এ খাতে কর্মরত সব শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরির হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।