শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বেলা ১২ টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে ঢাকা-আরিচা মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের অসন্তোষ দেখা দিয়েছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের সাথে সংঘর্ষে, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। বেলা ১২ টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে ঢাকা-আরিচা মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর)  সকাল থেকেই সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার স্টারলিং গ্রুপ এর শ্রমিকরা কাজে যোগদান না করে আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতেও শ্রমিকরা সড়ক না ছাড়লে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।

ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি, সাভার) রাহাত খান বলেন, এই এলাকার অন্য কোন কারখানায় সমস্যা নেই সবাই স্বাভাবিকভাবে কাজ করছে। শুধু এই একটি (স্টারলিং গ্রুপ) কারখানার শ্রমিকরাই ঝামেলা করছে। তবে এখানে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।

অপরদিকে, একই দাবিতে সকালে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উত্তেজিত

শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং বিজিবি টহলে রয়েছে।

এদিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানাতেও আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ। এ ছাড়া বেলা সাড়ে ১১ টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও রাজফুলবাড়ী এলাকার কয়েকটি গামেন্টস এর শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে, তবে মহাসড়ক অবরোধ মুক্ত করতে পুলিশ চেষ্টা চালায়। বেলা ১২ টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে ঢাকা-আরিচা মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত