খাগড়াছড়ি

কৃষক স্বীকৃতিসহ কার্ডের সুবিধা চান জুম চাষীরা

দেশব্যাপী চলমান ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষে ‘জীবাশ্ম জ্বালানি নয়-ঋণও নয়-জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষ’র দাবিতে নারী জুম চাষীদের সমাবেশ ও কৃষি পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউট কার্যালয়ের মাঠে এ সমাবেশ ও প্রদর্শনীর আয়োজন করা হয়।প্রদর্শনীতে বীজ, খাদ্য ও অন্যান্য কৃষি পণ্য প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে অংশ নেওয়া জুমিয়ারা বলেন, তারা সমতল ভূমির কৃষকদের মতো জুমেও ধান, মারফা, তিল, আদা, হলুদসহ নানা ধরনের সবচি ফলান কিন্তু তাদের নেই কোন কৃষি কার্ড বা সরকারি সুযোগ সুবিধা, সরকারিভাবে তাদের কৃষকের স্বীকৃতি দেওয়া হয় না। এই সমাবেশ থেকে তারা সরকারি সুযোগ সুবিধা দাবি করেন ও কৃষকের স্বীকৃতি চান।

অনুষ্ঠানটি স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি)-খাগড়াছড়ি, ক্লিন, প্রাণ, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (কেএইচএএনআই), বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি), খাগড়াছড়ির সভাপতি অরুন কান্তি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখনে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।