অনুমোদিত নকশার ব্যত্যয়: চট্টগ্রামে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

বন্দরনগরীতে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এবং ইমারত নির্মাণ বিধিমালার অনিয়মের বিরুদ্ধে অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানের অংশ হিসেবে নকশাবহির্ভূত নির্মাণ ও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানোর দায়ে নগরীর চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির অথরাইজড-২ এর আওতাধীন বিভিন্ন এলাকায় এই সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।

সিডিএ কর্মকর্তারা জানান, অভিযানকালে নগরীর পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেট সংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকার মোট ১০টি ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় এবং নকশাবহির্ভূত বর্ধিতাংশ নির্মাণের প্রমাণ মেলে। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের এই গুরুতর অনিয়ম পর্যালোচনার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযান চলাকালে নিয়মবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করা হয়। এ ছাড়া অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি, পাঁচটি ভবনের নকশাবহির্ভূত কিছু অংশ তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ভবনগুলোর অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করার শর্তে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশমলী বেলায়েত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ রোধে চউকের এই কঠোর নজরদারি চলমান রয়েছে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে যারা ভবন নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো রূপ ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নগরবাসীকে নিরাপদ আবাসন ও সুশৃঙ্খল নগর উপহার দিতে ইমারত নির্মাণ বিধিমালার অনিয়মের বিরুদ্ধে এই সংক্ষিপ্ত বিচার আদালতের অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত