খাগড়াছড়িতে বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ২

খাগড়াছড়ির মানিকছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ১ হাজার ৫২৭ কার্টন বিদেশি সিগারেটসহ একটি টাটা বোলেরো পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই যবুককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী এই বিষয়ে নিশ্চিত করেন।

আটকরা হলেন রাঙামাটির সাজেক থানার গঙ্গারাম মুখ রিজার্ভ ফরেস্টের বাঘাইহাট এলাকার লিটন চাকমা (২৮) ও একই থানার সুরংনালা এলাকার জিং চাকমা (১৯)।

জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৫৪ হাজার টাকা।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে সোমবার (১৬ নভেম্বর) রাতে মানিকছড়ির নয়াবাজার চেকপোস্ট ও রেস্টহাউসের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে পুলিশের টহল দল সন্দেহজনক একটি পিকআপের গতিরোধ করে। এ সময় সেনাবাহিনীর টহল দলের সহায়তায় পিকআপে থাকা দুইজনকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অজ্ঞাত আরেক ব্যক্তি পালিয়ে যান। পরে পিকআপে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫২৭ কার্টন ওরিস সিলভার ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়।

পুলিশের অভিযোগ, আটক ব্যক্তিরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব সিগারেট দেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে সেগুলো চট্টগ্রামের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। উদ্ধার করা সিগারেট ও পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় অন্যান্য আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন বলে জানান তিনি।