অসুস্থ স্ত্রী হাতির সঙ্গ ছাড়ছে না পুরুষ হাতি

কক্সবাজারের টেকনাফে বন্য হাতির একটি দম্পতির আবেগঘন দৃশ্য স্থানীয়দের মধ্যে যেমন সহানুভূতি তৈরি করেছে, তেমনি অসুস্থ স্ত্রী হাতিটির শারীরিক অবস্থা নিয়ে সৃষ্টি হয়েছে গভীর উদ্বেগ। পাহাড়ে দুর্বৃত্তদের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে একটি পুরুষ ও একটি স্ত্রী হাতিকে লোকালয়ে নামতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গত কয়েক দিন ধরে একটি অসুস্থ হাতিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।

​প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্ত্রী হাতিটি গুরুতর অসুস্থ। তার পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো একটি গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ ও রক্তক্ষরণ হতে দেখা গেছে এবং ওপরের চামড়া উঠে জায়গাটি সাদা হয়ে গেছে। তীব্র ব্যথার কারণে হাতিটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো- অসুস্থ স্ত্রী হাতিটির পাশ থেকে এক মুহূর্তের জন্যও সরছে না একটি সুস্থ পুরুষ হাতি। চলাচলের সময় পুরুষ হাতিটিকে বারবার আহত সঙ্গীর পাশে থেকে তাকে পাহারা দিতে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে দেখা যায়। বন্য প্রাণীর এই অকৃত্রিম ভালোবাসা ও আবেগঘন দৃশ্য দেখে স্থানীয়দের চোখ ভিজে ওঠে।

স্থানীয়দের দাবি, পাহাড়ে সক্রিয় সন্ত্রাসী, অপহরণকারী বা মানবপাচারকারীদের ছোড়া গুলিতে স্ত্রী হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে সুনির্দিষ্টভাবে কে বা কারা এই নিষ্ঠুরতা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অসুস্থ হাতিটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে আশঙ্কাজনকভাবে এমন শঙ্কা প্রকাশ করে বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অবিলম্বে বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক পাঠিয়ে হাতিটির কার্যকর চিকিৎসা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।
​
এবিষয়ে শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, "খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে হাতিটির সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।"
​
তিনি আরও বলেন, আহত হাতিটির আশপাশে ভিড় না করতে এবং কেউ যেন তাকে বিরক্ত বা আক্রমণ না করে, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

প্রকৃতির এই মূক প্রাণীর জীবন রক্ষায় বন বিভাগ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে-এমনটাই প্রত্যাশা টেকনাফের সচেতন মহলের।