আখাউড়া–কসবা সড়ক সংস্কার ও কার্পেটিং কাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া–কসবা প্রধান সড়কের সংস্কার ও পিচ ঢালাই (কার্পেটিং) কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আখাউড়া অংশের মনিয়ন্দ এলাকায় এ উন্নয়নকাজের শুভ সূচনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের নির্দেশনায় অন্যান্য অতিথি ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সড়কটির কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়।

কসবা ও আখাউড়া উপজেলার প্রধান সংযোগকারী প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন ও কার্পেটিং কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে ১৩ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি মোহাম্মদ নুরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ বেহাল অবস্থায় থাকায় কসবা ও আখাউড়া উপজেলার সাধারণ মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে প্রতিদিন চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তি ছিল নিত্যদিনের ঘটনা।

অবশেষে সড়কটির সংস্কার ও কার্পেটিং কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উন্নয়নকাজ সম্পন্ন হলে দুই উপজেলার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছেন স্থানীয়রা।