সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়।
 
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যের উপস্থিতি দেখতে পায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বিওপির নিয়মিত টহল দল। বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে বিজিবির হেফাজতে রাখা হয়।
 
এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।
 
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ জানান, বিছনাকান্দি বিওপির টহল দল সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছে। তাকে বিওপিতে নিয়ে আসা হয়েছে এবং বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
 
তিনি আরও জানান, উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।