সুনামগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চারটি ঘোড়াসহ বাংলাদেশ ও ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের চাঁনপপুর, লাউরগড়, বালিয়াঘাটা ও প্যাকপাড়া এলাকা থেকে ঘোড়া ও ভারতীয় পণ্যগুলো উদ্ধার হয়।
২৮ বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, রবিবার ভোরে সুনামগঞ্জ সীমান্ত এলাকা হতে পাঁচ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশি ও ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।
তিনি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশসহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। জব্দ করা বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।