বাংলা গানকে যারা সমৃদ্ধ করেছেন, এমন নন্দিত শিল্পীদের সম্মান জানিয়ে ট্রিবিউট কনসার্টের আয়োজন করছে আজব কারখানা। ইতিপূর্বে অঞ্জন দত্ত ও কবীর সুমনকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এবারের কনসার্ট সঞ্জীব চৌধুরীর শ্রদ্ধায়।কিংবদন্তি এই গীতিকার, সুরকার ও গায়কের স্মরণে ঢাকার বনানীতে বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে গানের আসর ‘হেঁটে গেছি বিরান পথে’। ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠান।
এতে গান শোনাবেন সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন তারা। ২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন সঞ্জীব চৌধুরী। তার ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতেই এ বিশেষ কনসার্টের উদ্যোগ।
আয়োজক আজব কারখানার কর্ণধার ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার জানান, গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধারাবাহিক কনসার্ট করে যেতে চান। যাতে নতুন প্রজন্ম তাদের গান সম্পর্কে আরো নিবিড়ভাবে জানতে পারে, সেই সঙ্গে নিজেরাও নতুন কিছু সৃষ্টির উৎসাহ পায়।
এ কনসার্টের অগ্রিম টিকিট (আর্লি বার্ড) সংগ্রহ করলে দাম পড়বে ৭০০ টাকা এবং অন-স্পট টিকিটের মূল্য ১ হাজার টাকা। ০১৫১১২৫৯৫২৫ বা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করে বিকাশের মেক পেমেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে।