বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশীর প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের মাতম। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন দীপ্তি রাজবংশীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন দীপ্তি রাজবংশী। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দীপ্তি রাজবংশী ছিলেন দেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক প্রয়াত ইন্দ্রমোহন রাজবংশীর সহধর্মিণী। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সত্তরের দশক থেকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে কাজ করেছেন দীপ্তি রাজবংশী। সংগীতের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন এই শিল্পী।
সংগীত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা দীপ্তি রাজবংশীর। তার পরিবারের পাঁচ বোন ও তিন ভাই-সবাই কোনো না কোনোভাবে সংগীতের সঙ্গে যুক্ত। পারিবারিক আবহেই সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয় তার। পরবর্তী সময়ে নিজের প্রতিভা ও সাধনায় লোকসংগীতের অঙ্গনে প্রতিষ্ঠিত হন তিনি।