নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাবেক নেতা ও সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার পাঁচজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চকবাদকয়া গ্রামের মো. আজম আলী (৫৮), তিনি বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তাকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিলমাড়িয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। রাকসা (জামতলা মোড়) গ্রামের মো. শফিকুল ইসলাম (৪৮), তিনি দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। তাকে মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
একই ইউনিয়নের টিটিয়া গ্রামের মো. ওসমান গণি (৪৮) দুয়ারিয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি এবং টিটিয়া (আবেদ মোড়) গ্রামের মো. নাজমুল হোসেন (৩৯) দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তাদের যথাক্রমে রাত ৩টা ও ৪টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাঝগ্রাম গ্রামের মো. ফিরোজ আহম্মেদ (৪০) আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর লালপুর থানায় দায়ের করা ১৫ নম্বর মামলায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির জিআর নম্বর ৩৩৪/২০২৬।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্য ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।”