নাটোরের বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেপসির বোতলসদৃশ কাঁচের বোতল ও প্লাস্টিকের বোতলে আগুন ধরিয়ে নিক্ষেপ করে। এ সময় দায়িত্বরত নাইট গার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।