আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), আলী হোসেন ফকিরের সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের ইমিগ্রেশন পলিসি ব্যুরোর মহাপরিচালক পার্ক সাং উক এর নেতৃত্বে এক প্রতিনিধিদল মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।   

সাক্ষাৎকালে আইজিপি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ-কোরিয়া কূটনৈতিক সম্পর্কের পাঁচ দশকের অংশীদারিত্বের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি কোরিয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার সহায়তায় সিআইডির সাইবার ইনভেস্টিগেশন সেন্টার, "সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ" প্রকল্প এবং চট্টগ্রামের দামপাড়ায় সম্প্রতি সাইবার পুলিশ সেন্টার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কোরিয়ার অবদান কৃতজ্ঞ চিত্তে উল্লেখ করেন।

বৈঠকে ইন্টারপোলের ওয়ান্টেড ও সন্ত্রাসঝুঁকিতে থাকা ব্যক্তিদের তথ্য বিনিময়, ভিসা জালিয়াতি, মানবপাচার, অভিবাসী চোরাচালান ও জাল নথিসহ অভিবাসনসংক্রান্ত অপরাধ দমনে সহযোগিতা সংক্রান্ত আলোচনা হয়। ভবিষ্যতে অভিবাসন-অপরাধে তথ্য বিনিময়, মানবপাচার রোধে যৌথ গোয়েন্দা সেল এবং প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা জোরদারে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। 

আইজিপি বাংলাদেশে বসবাসরত কোরিয়ান নাগরিক, তাঁদের বিনিয়োগ ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘবদ্ধ আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচার ও সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

এ সময় কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য, ঢাকাস্থ কোরিয়া দূতাবাসের প্রতিনিধি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।