রাজধানীর খিলগাঁও থেকে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই নারীরা হলেন, গৃহিণী শামসুন্নাহার (৫৮) ও ও ফাতেমা আক্তার (২০)।
সোমবার দিবাগত রাতে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
সুরতহাল প্রতিবেদনে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর উল্লেখ করেন, শামসুন্নাহারের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। খিলগাঁও সিপাহীবাগে একটি বাসার পঞ্চম তলায় থাকতেন। তার স্বামীর নাম আ. রাজ্জাক মোল্লা। মানসিক সমস্যা ছিল তার। ওই বাসায় সোমবার বিকেল থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে, এসআই মো. এরশাদ আলী উল্লেখ করেন, নন্দীপাড়া নেওয়াজবাগ কোবা মসজিদ রোডের একটি বাসায় স্বামীর সাথে থাকতেন ফাতেমা। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। বাবার নাম ফরিদুল ইসলাম। অজ্ঞাত কোন কারণে সোমবার রাতে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
পৃথক ঘটনা দুটিতে অপমৃত্যু মামলা দায়ের করেছে পরিবার।