মহাসড়কে বিক্ষোভের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের ঘটনার আট দিন পর ছাত্রলীগ নেতা আল রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার মনকাসাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল রাফি (২৮) উপজেলার কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন নেতাকর্মী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে স্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভের ওই ভিডিও পরে আল রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট করেন। এর আট দিন পর ওই বিক্ষোভের নেতৃত্বে থাকা আল রাফিকে গ্রেপ্তার করে পুলিশ।