নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে লোহাগড়া টেলিফোন অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে জানা গেছে।

আহত রবিউল ইসলাম পলাশ (৫০) লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার নজির শেখের ছেলে।

পলাশ জানান, মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপাশা টেলিফোন অফিসের সামনে পৌঁছালে কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় রিয়াজুল ও মো. পলাশসহ কয়েকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেন। হাবিবুর রহমানের ডাকে তারা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। অভিযুক্ত পলাশসহ হামলাকারীরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলেও জানান আহত পলাশ।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান। তিনি বলেন, বিএনপি নেতা রবিউল ইসলাম পলাশকে জখমের ঘটনায় তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলাম পলাশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এ ঘটনায় মো. পলাশসহ তাদের লোকজনকে দায়ী করেছেন। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।