কবিতা

সাঁকো

একটা সরু চুলের মতো সাঁকোও আর অবশিষ্ট নাই 
পৃথিবীর কোথাও, অন্তত তোমার আর আমার মাঝে।
এখন আবার পরস্পরকে চিনতে হলে
অপরিচয়ের পাহাড় ঠেলে, নতুন করে
জন্ম নিতে হবে আমাদেরকে। আমাদের বাবা-মাকে 
পুনর্বার মিলিত হতে হবে বরফ আর আগুনের যৌথ বাসরে।
চুলের মতো চিকন কোনো একটা সাঁকোও আর অবশিষ্ট নাই।
পথে বাধা পেলে নদী বেঁকে যায়, আরও খরস্রোতা হয়—
হারিয়ে ফেলার ভয় পোষার চেয়ে তাই
হারিয়ে ফেলাতেই সাশ্রয়। সূর্যাস্তের রঙ কেটে কেটে মাঝি ফেরে বাড়ি।
জল থেকে যায় অন্ধকার সীমানায়। আবারও জন্মের আয়োজন 
করতে বলো তোমার বাবা-মাকে। আমাদের মৃত মনের সমাধিস্থলে
গেয়ে উঠবে খঞ্জন পাখি। চোখবাঁধা কানামাছি হয়ে বনপথ দিয়ে 
হাঁটতে হাঁটতে আমি তোমার দিকে যাব। কখনো আর দেখা হবে না
জেনেও তোমার শেষ স্মৃতির গন্ধ শুঁকব বাতাসে।
কেঁদে কেঁদে বৃষ্টি নামাব আর রঙধনুকে বলব 
তোমার বাড়ির ছাদ পর্যন্ত একটা বিশাল সাঁকো বানিয়ে দিতে।