জোহানেসবার্গে বৃষ্টি-বজ্রপাতে মাঠে নামতে পারছেন না হাসানরা

জোহানেসবার্গে আকাশজুড়ে মেঘ, সঙ্গে দফায় দফায় বৃষ্টি আর বজ্রপাত। তাতে মাঠের লড়াইয়ের চেয়ে বড় হয়ে উঠেছে প্রকৃতির বাধা। মধাহ্নভোজের বিরতির পর মাঠে গড়ায়নি একটি বলও। তুমুল বৃষ্টি ও বজ্রপাতের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার জোহানেসবার্গ টেস্ট। পরিস্থিতির উন্নতি না হওয়ায় দ্বিতীয় সেশনের পুরোটাই ভেসে গেছে। কখন খেলা শুরু হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মধ্যাহ্ন বিরতির সময়ই বৃষ্টি নামে জোহানেসবার্গে। দ্রুত কাভারে ঢেকে দেওয়া হয় মাঠ ও সেন্টার উইকেট। প্রথমে বৃষ্টি থামার অপেক্ষা থাকলেও সময় গড়ানোর সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। আকাশ কালো মেঘে ঢেকে যায়, সঙ্গে চলতে থাকে বজ্রপাত। নিরাপত্তার কারণে মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হতে থাকে। দফায় দফায় বৃষ্টি হওয়ায় দ্বিতীয় সেশনে মাঠে নামতে পারেননি হাসান মাহমুদরা।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা। আজ প্রথম সেশনের শুরুটা ভালো না হলেও শেষ দিকে দক্ষিণ আফ্রিকার ৩টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। এর মধ্যে তাসকিন আহমেদ একাই শিকার করেছে দুটি, অন্য উইকেটটি হাসানের। ফলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

এর মধ্যে চোট পেয়ে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। স্বাগতিক দলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বাভুমা আবার ব্যাট করতে নামবেন। প্রথম ইনিংসে এখনো বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। বড় বাধা হয়ে আছেন রায়ান রিকেলটন। ৫৬ রান নিয়ে উইকেটে থাকা এই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার ইনিংসকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।