দক্ষিণ আফ্রিকা সফরে এবার কিছু একটা করে দেখানোর তাড়না ছিল লিটন দাসের। সেখানে আগের চার টেস্টে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও পঞ্চম টেস্টে এসে সেই অপেক্ষার অবসান ঘটান বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শতক করার পর কেন সেটা নিজের মেয়েকে উৎসর্গ করেন, সেটাও ওয়ান্ডারার্স টেস্টের দ্বিতীয় দিন শেষে জানান তিনি।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৯ বলে ১৪ চার ও এক ছক্কায় ১২০ রান করেন লিটন। টেস্ট ক্যারিয়ারের এটি তার অষ্টম সেঞ্চুরি। তবে এই শতক লিটনের কাছে অন্য যেকোনো সেঞ্চুরির চেয়ে একটু বেশি বিশেষ। কারণ, দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পাশাপাশি মেয়ের জন্মদিনেও স্মরণীয় কিছু উপহার দিতে পেরেছেন তিনি।
সেঞ্চুরি পূর্ণ করার পর পকেট থেকে একটি কাগজ বের করে দেখান লিটন। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।’ মেয়ের জন্মদিনে এমন উদযাপনের পরিকল্পনা অবশ্য আগে থেকে ছিল না। আজ ৯২ রানে ব্যাট করতে নামার আগে এনিয়ে ভাবেন তিনি।
এনিয়ে লিটন বলেন, ‘যখন ৯২ রানে অপরাজিত ছিলাম, রুমে গিয়ে চিন্তা করছিলাম, আমার বউ ও মেয়ের সঙ্গে কথা হয়েছে। আজকে মেয়ের জন্মদিন ছিল। ভাবছিলাম কীভাবে ওকে সারপ্রাইজ দেওয়া যায়। এটা তখনও মনে হয়নি। সকালে মনে হয়েছে এমন কিছু করা যায় কি না। যদি না হতো, ওটা হয়ত পকেটেই থেকে যেত।’ নিজের এই সেঞ্চুরি প্রসঙ্গে বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় এ নিয়ে এটা আমার পঞ্চম টেস্ট। ভেতরে মাইন্ডসেট ছিল যে এই সফরে কিছু করার। করতে পেরেছি, খুব খুশি।’
ব্যক্তিগত অর্জনের আনন্দ পেছনে ফেলে এখন অবশ্য দলের পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে ভাবছেন লিটন। প্রথম ইনিংসে ৪০০ রান করেও স্বস্তিতে নেই বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২৮৭ রান তুলে ১১৩ রানে পিছিয়ে। আগামীকাল তৃতীয় দিনে শুরু থেকেই উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশের। লিটন বলেন, ‘আমাদের পরিকল্পনা, আরও উইকেট নিতে হবে। তাদের অলআউট করতে হবে। সাথে রানও বেশি দেওয়া যাবে না। বেশি রান দিলে লিড অনেক বেশি হয়ে যাবে।’