শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখার কর্মকর্তাদের অংশগ্রহণে অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন রোধবিষয়ক (এএমএল/সিএফটি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর ২০২৬ তারিখে যশোরের একটি স্থানীয় হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর সাদেক, এফসিএ।
কর্মশালায় ব্যাংকের ইভিপি ও ডেপুটি ক্যামেলকো (ডিসিএএমএলসিও) এবং অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান মো. আব্দুল কুদ্দুস অর্থ পাচার প্রতিরোধবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই বিভাগের এভিপি মো. আশরাফুল ইসলাম ট্রেড-বেইজড মানি লন্ডারিং ও ক্রেডিট-বেইজড মানি লন্ডারিংয়ের বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখার শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক, বিনিয়োগ ইনচার্জ এবং জেনারেল ব্যাংকিং (জিবি) ইনচার্জসহ মোট ৬২ জন কর্মকর্তা অংশ নেন।
এ ছাড়া ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের রিকভারি-১-এর ইভিপি মো. মাজহারুল হক, রাইট অব ইনভেস্টমেন্ট রিকভারি ইউনিটের ভিপি মো. সাজ্জাদ হোসাইন এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের রিকভারি-১-এর এসএভিপি মো. মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাফর সাদেক বলেন, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন শুধু একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নয়, বরং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্যও বড় চ্যালেঞ্জ। অবৈধভাবে অর্জিত অর্থকে বৈধ হিসেবে উপস্থাপনের মাধ্যমে অপরাধীরা আর্থিক ব্যবস্থার অপব্যবহার করে। এতে দেশের অর্থনৈতিক শৃঙ্খলা, বিনিয়োগ পরিবেশ, সুশাসন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ব্যাংকিং খাত। তাই অর্থ পাচার প্রতিরোধে ব্যাংকগুলোর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং চ্যানেল যাতে অবৈধ অর্থের লেনদেন কিংবা সন্ত্রাসে অর্থায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করা সবার নৈতিক, পেশাগত ও আইনগত দায়িত্ব।
তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে ডিজিটাল হুন্ডি, অনলাইন গেমিং ও বেটিং, অনলাইন জুয়া, অবৈধ ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিংয়ের মতো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব অবৈধ কার্যক্রমের মাধ্যমে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশের নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
কর্মশালার শেষ পর্যায়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর সাদেক খুলনা ও যশোর অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন। ‘এক দেশ, এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।