সংবাদ সংগ্রহ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক

ফেনীর ফুলগাজীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মামলার আসামি হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম রাজু। এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর এলাকায় গরুচোর সন্দেহে মমিন নামে এক ব্যক্তিকে আটক করে মারধর করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ফুলগাজী বাজারের উত্তর পাশে আলম ভূঁইয়া স-মিলের সামনে গিয়ে মমিনের বক্তব্যের ভিডিও ধারণ করেন সাংবাদিক জহিরুল ইসলাম রাজু।

এ ঘটনায় মমিনের ভাই মোহাম্মদ পিন্টু (৪৫) ফেনীর ফুলগাজী আমলি আদালতে একটি মামলা করেন। মামলায় মো. সাব্বিরকে এক নম্বর, ওহাব মিয়াকে দুই নম্বর এবং সাংবাদিক জহিরুল ইসলামকে তিন নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্ববিরোধের জেরে মমিনের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। হামলায় তাঁর চোখ ও মাথায় গুরুতর জখম হয় এবং মাথায় চারটি সেলাই দেওয়া হয়। এ ছাড়া সাংবাদিক জহিরুল ইসলাম তাঁর পকেটে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে গেছেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

তবে মামলার অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিক জহিরুল ইসলাম। তাঁর দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়ে তিনি শুধু মমিনের বক্তব্যের ভিডিও ধারণ করেছিলেন। ব্যক্তিগত বা অন্য কোনো উদ্দেশ্যে তাঁকে মামলায় আসামি করা হয়েছে বলে মনে করছেন তিনি। পেশাগত পরিচয় ও সামাজিক অবস্থান প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে বলেও দাবি করেন তিনি।