‘কারাগারেই প্রকৃত মুক্তি পেয়েছি’—নতুন জীবন নিয়ে দানি আলভেস

ফুটবল মাঠের বর্ণাঢ্য অধ্যায় পেছনে ফেলে এখন পুরোপুরি ধর্মপ্রচারক হিসেবে নতুন জীবন শুরু করেছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার দানি আলভেস। যৌন নিপীড়নের মামলা থেকে খালাস পাওয়ার পর এবার নিজের এই আমূল পরিবর্তন ও নতুন জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন ৪৩ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার। তাঁর দাবি, কারাগারের চার দেয়ালের ভেতরেই তিনি জীবনের প্রকৃত মুক্তি খুঁজে পেয়েছেন।

বার্সেলোনা, সেভিয়া, জুভেন্টাস ও পিএসজির সাবেক এই ফুটবলার এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘দানিয়েল’ এবং ‘যিশুখ্রিষ্টের শিষ্য’ হিসেবে পরিচয় দেন। আনুষ্ঠানিকভাবে যাজক হিসেবে অভিষিক্ত না হলেও স্পেনের ‘এলিম জিরোনা চার্চ’-এর সাথে যুক্ত থেকে নিয়মিত ধর্মীয় বক্তব্য ও নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে আলভেস লেখেন, "আমি ৪০ বছর কারাগারে বসবাস করেছি, কিন্তু সেই কারাগারে গিয়েই আমি প্রকৃত মুক্তি পেয়েছি। আমি ৪০ বছর পাপ, নিজের ভুল আর ভুল সিদ্ধান্তের শিকলে বাঁধা ছিলাম। বাইরে থেকে আমার জীবনটাকে স্বাধীন মনে হলেও ভেতরে ভেতরে আমি শিকলে বন্দী ছিলাম। আর ঠিক কারাগারেই যিশুর সাথে আমার দেখা হয়।"

পোস্টে তিনি আরও যোগ করেন, "সেখানেই আমি বুঝতে পারি যে কারাগারের গরাদের পেছনে থেকেও এমন এক স্বাধীনতার স্বাদ পাওয়া সম্ভব, যা আমি আগে কখনো জানতাম না। যিশু সেই অদৃশ্য শিকলগুলো ভেঙে দিয়েছেন। আজ আমি সত্যিটা বলতে পারি—আমি কারাগার থেকে বেরিয়েছি বলে মুক্ত নই; বরং যিশু আমাকে পাপ থেকে মুক্ত করেছেন বলেই আমি আজ স্বাধীন।"

তবে আলভেসের এই আধ্যাত্মিক পোস্ট মোটেও ভালোভাবে নেননি তাঁর বিচ্ছেদপ্রক্রিয়ায় থাকা স্ত্রী মডেল জোয়ানা সাঞ্জ। আলভেসের এমন মন্তব্যের কড়া সমালোচনা করে পাল্টা জবাবে সাঞ্জ বলেন, "কত বড় সাহস তোমার, প্রকাশ্যে বলছ যে কেবল যিশুই তোমার পাশে ছিল! পুরো পৃথিবী যখন আমার চারপাশে ভেঙে পড়ছিল, তখনো আমি তোমাকে দেখতে কারাগারে গিয়েছি। নিজের দায় না হয়েও সংবাদমাধ্যমের সব চাপ সামলেছি এবং নিজের টাকা খরচ করে তোমার বিল ও দেনা মিটিয়েছি।"

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন দানি আলভেস। প্রায় ১৪ মাস কারাভোগের পর ২০২৪ সালের ২৫ মার্চ ১০ লাখ ইউরো মুচলেকায় জামিন পান তিনি। পরবর্তীতে ২০২৫ সালের ২৮ মার্চ কাতালোনিয়ার হাইকোর্ট অব জাস্টিস (টিএসজেসি) অভিযোগকারীর সাক্ষ্য ও বস্তুনিষ্ঠ প্রমাণের অসংগতির কারণে সর্বসম্মতিক্রমে আলভেসকে ওই মামলা থেকে বেকসুর খালাস দেয়।