স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে কিন্ত তাদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি : রিজভী

পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতার মসনদ ধূলিসাৎ হয়ে যায় এবং তাঁকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। তবে রক্তপিপাসু স্বৈরাচার ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার রক্তের তৃষ্ণা এখনো মেটেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানোর পাশাপাশি নির্বাচনব্যবস্থায় অনিয়ম ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে তারা।

সাবেক এই রাকসু ভিপি বলেন, শেখ হাসিনার শাসনামলে মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ভোটকেন্দ্রে চতুষ্পদ জন্তু ঘোরাফেরা করত। ভোটাররা কেন্দ্রে গিয়েও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। কখনো মধ্যরাতের নির্বাচন, আবার কখনো ‘আমি-ডামি’ নির্বাচনের মাধ্যমে একের পর এক বিতর্কিত নির্বাচনের নজির তৈরি করা হয়েছে। এসব নির্বাচনের মডেল বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

আলোচনা সভায় রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্বের ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্ব ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম এগিয়ে যায়।

রাহী আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও রাজনৈতিক অভিভাবক তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। পলাতক শেখ হাসিনার সমর্থকেরা দেশকে অস্থিতিশীল করা এবং জাতীয় সম্পদ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা শক্তিশালী করা সম্ভব নয়। জনগণের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা সম্ভব।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে উপাচার্য আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু অতীতের একটি ঐতিহাসিক ঘটনা স্মরণের দিন নয়; বরং জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর ঐতিহাসিক মূল্যায়ন গুরুত্বপূর্ণ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।