রোহিঙ্গাদের জীবিকা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে সেমিনার

রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে ‘লাইভলিহুডস, হেলথ, অ্যান্ড ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যামং রোহিঙ্গা ডিসপ্লেসড পিপল: ইনসাইটস ফ্রম আন্ডারগ্র্যাজুয়েট ফিল্ডওয়ার্ক’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন ল্যাবের (আরএমএল) পরিচালক ড. নাসির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন একাডেমিক ও জ্ঞানভিত্তিক আয়োজনকে সব সময় উৎসাহিত করে। শিক্ষক, গবেষক ও অভিজ্ঞ ব্যক্তিদের মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হয়। তিনি প্রধান আলোচক ড. নাসির উদ্দিনের গবেষণা ও অভিজ্ঞতার প্রশংসা করে শিক্ষার্থীদের তাঁর বক্তব্য থেকে জ্ঞান অর্জনের আহ্বান জানান।

প্রধান আলোচক ড. নাসির উদ্দিন শিক্ষার্থীদের উপস্থাপিত চারটি গবেষণার প্রশংসা করেন। তিনি বলেন, গবেষণায় নিরপেক্ষ ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। কোনো জনগোষ্ঠী সম্পর্কে পূর্বধারণা বা পক্ষপাত নিয়ে গবেষণা করা উচিত নয়। ব্যক্তিগত ধারণার পরিবর্তে নির্ভরযোগ্য তথ্য, পরিসংখ্যান ও যথাযথ বিশ্লেষণের ওপর গুরুত্ব দিতে হবে।

গবেষণার মানোন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, এআইকে নিজস্ব চিন্তাশক্তির বিকল্প হিসেবে নয়, বরং দক্ষতা বৃদ্ধির সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রোহিঙ্গাদের জীবিকা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর এর প্রভাব বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও গবেষণাভিত্তিক নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান (ইনচার্জ) ড. অর্পিতা দত্ত। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পাঠ্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঠপর্যায়ে গবেষণার সুযোগ তৈরি করা হয়েছে। এবারই প্রথম সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা মাঠপর্যায়ের কার্যক্রম, অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষা সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন।

তিনি আরও বলেন, একজন প্রকৃত গবেষককে কোনো সমস্যার বাস্তবসম্মত সমাধানের সুপারিশ করতে সক্ষম হতে হবে। অর্জিত জ্ঞান ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সমাজ ও কমিউনিটির কল্যাণে কাজে লাগানোই প্রকৃত শিক্ষার সার্থকতা। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সংশপ্তক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের চেয়ারম্যান উম্মে সালমা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে দীর্ঘদিন শুধু খাদ্য ও মৌলিক সহায়তার ওপর নির্ভরশীল না রেখে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রয়োজন। পাশাপাশি রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থানের ফলে স্থানীয় পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও বাংলাদেশের ওপর সৃষ্ট চাপ বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার পাশাপাশি টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথি সংশপ্তকের প্রোগ্রাম ও ফিল্ড অপারেশন বিভাগের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, প্রধান আলোচক তাঁর গবেষণালব্ধ অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণাগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন। গবেষণাপদ্ধতি, তথ্যের যথার্থতা ও গবেষণার মানোন্নয়নে তাঁর পরামর্শ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। স্বল্প সময়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনার জন্য তিনি চারটি দলের শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

সেমিনারে শিক্ষার্থীদের চারটি দল তাদের মাঠপর্যায়ের গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা উপস্থাপন করে। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপস্থাপনায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হিসেবে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা গবেষণার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন। তাঁদের প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক ড. নাসির উদ্দিন। এ সময় রোহিঙ্গা সংকট, মাঠপর্যায়ের গবেষণা, গবেষণাপদ্ধতি ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের শিক্ষক বিদ্যুৎ কান্তি নাথ, ফারিয়া হোসাইন বর্ষা, সুদীপ দে ও ইফতেখার মিয়াসহ সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাজী মোহাম্মদ আলদিন ফারদিনের সঞ্চালনায় সেমিনারে অর্থনীতি বিভাগ এবং সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারটির আয়োজন করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। এতে সহযোগিতা করে প্রিমিয়ার ইউনিভার্সিটি ইকোনমিস্টস ফোরাম (পিইউইএফ)। এ আয়োজনের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর আর্থসামাজিক বাস্তবতা, জনস্বাস্থ্য, জীবিকা ও অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।