এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স

নিজেদের প্ল্যাটফর্মে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করতে এআই প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করেছে তারুণ্যের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। এ উদ্যোগের ফলে বাংলাদেশের তরুণেরা আরও বেশি এআই টুল ব্যবহারের সুযোগ পাবেন।

গত ১২ নভেম্বর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন রাইজের হেড কে এম রায়হান এবং ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দাস।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রাইজের প্রোডাক্ট সিনিয়র ম্যানেজার মো. মশিউর রহমান অনিক, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার শেখ শওকত হোসেন এবং ডিজিটএক্সের ডিরেক্টর অব অপারেশন অর্ণব বিশ্বাস।

চুক্তি অনুযায়ী, রাইজের এআইভিত্তিক সেবাগুলো আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে ডিজিটএক্স। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নতুন টুল তৈরি এবং ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন অনুযায়ী সেবাগুলো উন্নত করতে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

এ অংশীদারত্বের মাধ্যমে বিদ্যমান এআই টুলগুলোর উন্নয়নের পাশাপাশি পড়াশোনা, সৃজনশীল কাজ ও তথ্য অনুসন্ধানসহ দৈনন্দিন বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘এআই শুধু জটিল প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন মানুষের জন্য নয়। এর মাধ্যমে যে কেউ নতুন কিছু শিখতে পারেন, নিজের ভাবনা প্রকাশ করতে পারেন কিংবা আগে কঠিন মনে হতো এমন কাজ সহজে করতে পারেন। একটি ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য, ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের মাধ্যমে সবার কাছে এআই প্রযুক্তি ও টুল আরও সহজলভ্য করা।’

ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস বলেন, ‘রাইজের মতো শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এই পথচলা দেশের এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। গ্রাহকদের জন্য বিশ্বমানের এআই অভিজ্ঞতা নিশ্চিত করতেই আমাদের এই যৌথ প্রয়াস।’

এ চুক্তি রাইজকে একটি পূর্ণাঙ্গ এআইভিত্তিক ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ। এর মাধ্যমে নতুন নতুন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার সম্প্রসারণ এবং তরুণদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির প্রয়োগ বাড়াতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।