নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখাতে পারেন প্রবাসীরা

প্রবাসীরা মানুষকে এটা দেখিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন যে পৃথিবীতে অনেক কিছুই সম্ভব। তাদের এই উদ্যোগ ও পারস্পরিক যোগাযোগ অন্যদেরও বুঝতে সাহায্য করে যে, কে কোথায় জন্মেছে বা বেড়ে উঠেছে তা বড় কথা নয়; বরং সবাই মিলেই বড় কিছু অর্জন করতে পারে। পর্তুগালের রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা, ডাচেস অব কোইমব্রা এমন মন্তব্য করেছেন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ব্রিজ টু বাংলাদেশ’ (বিটুবি) উদ্যোগের এক উচ্চপর্যায়ের সংলাপ ও স্বতন্ত্র বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অক্সফাম ইন বাংলাদেশের আয়োজনে ‘আনলকিং ডায়াস্পোরা পটেনশিয়াল: ফ্রম কানেকশন টু পার্টনারশিপ’ শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

‘ব্রিজ টু বাংলাদেশ’ মূলত প্রবাসীদের নেতৃত্বে পরিচালিত একটি প্রযুক্তিনির্ভর উদ্যোগ। এর লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি ও সুগঠিত অংশীদারত্বের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে যুক্ত করা। ২০২২ সালে একটি ধারণা হিসেবে এর যাত্রা শুরু হয়। বিশ্বব্যাপী বসবাসরত বাংলাদেশিদের জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক এবং সম্পদকে দেশের কাজে লাগানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। কমিউনিটি নেটওয়ার্ক, এনজিও অংশীদারত্ব, মেন্টরশিপ এবং অ্যাডভোকেসির মাধ্যমে প্রবাসীদের সদিচ্ছাকে সমন্বিত ও কার্যকর পদক্ষেপে রূপ দিতে চায় বিটুবি। উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ মে লন্ডনে আনুষ্ঠানিক উদ্বোধনের পর ২০২৬ সালের ২৮ জুন ঢাকায় এই প্ল্যাটফর্মটির পরীক্ষামূলক (বেটা) ডিজিটাল সংস্করণ চালু করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ডাচেস অব কোইমব্রা আরও বলেন, ‘মানুষকে বিশ্বাস করতে হবে যে কোনো কিছুই অসম্ভব নয় এবং আরও বড় স্বপ্ন দেখতে হবে। নিজের তৈরি সীমাবদ্ধতা কাটিয়ে উঠে বুঝতে হবে যে তারা তাদের কল্পনার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করতে সক্ষম।’

অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের নির্বাহী পরিচালক (স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম) ড. কে এম হাসান রিপনের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান বলেন, ‘আমাদের প্রবাসী কমিউনিটিগুলোকে একেকজন দূত হিসেবে গড়ে তোলার উপায় খুঁজে বের করতে হবে, যারা বিশ্বদরবারে বাংলাদেশের আরও ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক ভাবমূর্তি তুলে ধরতে পারবেন।’

আলোচনায় অংশ নিয়ে পর্তুগালের দুয়ার্তে দে সুসা আরাউহো মার্টিনস বলেন, ‘মেধা ধরে রাখা এবং বিদেশে চলে যাওয়া মেধাবীদের দেশে ফিরিয়ে আনা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। সঠিক রাজস্ব নীতি, কর সুবিধা এবং অন্যান্য সহায়ক পদক্ষেপের মাধ্যমে বিদেশে বসবাসরত দক্ষ পেশাজীবীদের দেশে ফিরে জাতীয় উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করা সম্ভব।’

প্যানেল আলোচনায় ঢাকার ব্রিটিশ হাইকমিশনের পরিসংখ্যান ও ফলাফলবিষয়ক উপদেষ্টা অ্যাবি ডেভিস বলেন, ‘কূটনৈতিক ও উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি এই কাজে অবদান রাখতে পারে ঠিকই, কিন্তু এই উদ্যোগের আসল শক্তি নিহিত রয়েছে এর সঙ্গে যুক্ত মানুষদের সম্মিলিত কণ্ঠস্বর ও অভিজ্ঞতার মধ্যে।’

এই প্যানেল আলোচনায় অন্যদের মধ্যে লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ আলিউর রহমান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খানও অংশ নেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিটুবির উপদেষ্টা বোর্ডের চেয়ার বিবি রাসেল বলেন, ‘আমি গ্রামের মানুষদের নিয়ে কাজ করি, তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করি এবং তাদের মর্যাদা সমুন্নত রাখি। পৃথিবীর কোনো কিছুই আমাকে এই কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের জন্য কাজ করে যাওয়াই আমার অঙ্গীকার।’

উদ্বোধনী বক্তব্যে অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পন্ত বলেন, ‘বিটুবির নতুন স্বতন্ত্র বোর্ডের অধীনে বাংলাদেশের প্রবাসী কমিউনিটি দেশের মানুষের সঙ্গে সরাসরি যুক্ত হতে এবং জ্ঞান বিনিময় করতে পারবে। এর ফলে প্রবাসীদের অবদানে বাংলাদেশ সরাসরি উপকৃত হবে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অক্সফাম ইন বাংলাদেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও ন্যায়বিচার বিভাগের প্রধান ফাতেমা তুজ জোহরা। এ ছাড়া ‘ব্রিজ টু বাংলাদেশ’-এর পথচলার গল্প তুলে ধরেন প্রতিষ্ঠানটির সোশ্যাল মিডিয়া অ্যান্ড কনটেন্ট অফিসার শামেরুল হুদা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘ব্রিজ টু বাংলাদেশ’-এর স্বতন্ত্র ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে উদ্যোগটিকে নতুন একটি স্বতন্ত্র বোর্ডের কাছে হস্তান্তর করা হয়। অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজর মাহমুদা সুলতানা এবং ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর শান্তনু দাম আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করেন।

সাত সদস্যের এই উপদেষ্টা বোর্ডে রয়েছেন—বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও সমাজকর্মী বিবি রাসেল, উন্নয়ন ও প্রতিবন্ধিতা বিষয়ক পরামর্শক জুলিয়ান ফ্রান্সিস, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক মহাপরিচালক আজিজ-উর রহমান, যুক্তরাজ্যের বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপসের নির্বাহী চেয়ারম্যান নাজির আলম, শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তানজিল শফিক, দ্য ডেইলি স্টারের মার্কেটিং প্রধান ইমরান কাদির এবং যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কামাল আলী।

অনুষ্ঠানে পর্তুগালের রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা, ডাচেস অব কোইমব্রা এবং দুয়ার্তে দে সুসা আরাউহো মার্টিনসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং যুক্তরাজ্যের ফুলহ্যাম এফসির পেশাদার ফুটবলার ফারহান আলী ওয়াহিদকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।