সাংবিধানিকভাবে একজন ব্যবসায়ীর আরেকজন ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল। তিনি বলেন, রাজউকসহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের মূল দায়িত্ব হচ্ছে নাগরিকদের সেবা প্রদান, আইন ও বিধিবিধান অনুযায়ী কার্যক্রম তদারকি এবং নগর উন্নয়ন নিশ্চিত করা। কোনো সরকারি কর্তৃপক্ষের বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা উচিত নয়।
সোমবার কুমিল্লা ক্লাবে কুমিল্লার আবাসন ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজউকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, রাজউকসহ বাংলাদেশ সরকারের কোনো কর্তৃপক্ষকে বাণিজ্য করার জন্য প্রতিষ্ঠা করা হয়নি। তারা রাষ্ট্রের সেবক। আমরা কর দেব, ট্যাক্স দেব, আর সরকারি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। তাদের কাজ হচ্ছে বেসরকারি উদ্যোক্তাদের কার্যক্রম তদারকি করা এবং আইন অনুযায়ী কাজ হচ্ছে কি না তা নিশ্চিত করা। কিন্তু তদারকির দায়িত্ব পালনের পাশাপাশি নিজেরাও বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হলে স্বার্থের সংঘাত এবং অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, কোনো সরকারি কর্তৃপক্ষ যদি বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হতে চায়, তাহলে তার জন্য সুস্পষ্ট নীতিমালা ও আইনগত কাঠামো থাকতে হবে। একই সঙ্গে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। একটি সুস্থ ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উভয় খাতের জন্য সমান নিয়ম ও সুযোগ থাকা জরুরি।
আবাসন খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং বিপুলসংখ্যক সহযোগী শিল্পের সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, এ খাতের টেকসই বিকাশের জন্য নীতিগত সহায়তা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্বের সুস্পষ্ট বিভাজন প্রয়োজন। সরকারি কর্তৃপক্ষের দায়িত্ব হওয়া উচিত সেবা প্রদান, নীতিমালা প্রণয়ন ও যথাযথ তদারকির মাধ্যমে আবাসন খাতের উন্নয়নে সহায়তা করা।
রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর ন্যাশনাল ফেয়ারের চেয়ারম্যান আলহাজ অধ্যাপক ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর লিংকেজ ইন্ডাস্ট্রিজের কো-চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক মো. গোলাম কিবরিয়া মজুমদার, প্রকৌশলী মো. মোস্তফা কামাল, এ.জেড.এম. কামরুদ্দিন উদ্দিন, পরিচালক মো. খাজা নজিবউল্লাহ চৌধুরী, শেখ কামাল, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ সোয়েব সোহেল এবং রিহ্যাবের সদস্য মো. হামিদুর রহমান সোহাগ, মো. সুলমান মাহমুদ ও মো. শফিকুল ইসলাম বাদলসহ কুমিল্লার আবাসন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।