রোহিঙ্গাদের জীবিকা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সেমিনার

রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘লাইভলিহুডস, হেলথ অ্যান্ড ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যামং রোহিঙ্গা ডিসপ্লেসড পিপল: ইনসাইটস ফ্রম আন্ডারগ্র্যাজুয়েট ফিল্ডওয়ার্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষক, গবেষক ও অভিজ্ঞ ব্যক্তিদের মতবিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে এ ধরনের একাডেমিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সেমিনারের প্রধান আলোচক ড. নাসির উদ্দিনের গবেষণা ও অভিজ্ঞতার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের তার বক্তব্য থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন ল্যাবের (আরএমএল) পরিচালক ড. নাসির উদ্দিন। শিক্ষার্থীদের উপস্থাপিত চারটি গবেষণা পর্যালোচনা করে তিনি গবেষণায় নিরপেক্ষ ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তার মতে, কোনো জনগোষ্ঠী সম্পর্কে পূর্বধারণা বা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে গবেষণা করা উচিত নয়। গবেষণায় নির্ভরযোগ্য তথ্য, পরিসংখ্যান ও যথাযথ বিশ্লেষণকে গুরুত্ব দিতে হবে।

গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এআইকে নিজস্ব চিন্তাশক্তির বিকল্প হিসেবে নয়, বরং দক্ষতা বৃদ্ধির সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের জীবিকা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর এর প্রভাব বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও গবেষণাভিত্তিক নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান (ইনচার্জ) ড. অর্পিতা দত্ত। তিনি বলেন, মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয়গুলো সবার সামনে তুলে ধরার সুযোগ শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা বাড়াতে সহায়ক। বাস্তব সমস্যার সমাধানে গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের চেয়ারম্যান উম্মে সালমা বলেন, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় শুধু খাদ্য ও মৌলিক সহায়তা নয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও বাংলাদেশের ওপর সৃষ্ট চাপ বিবেচনায় নিয়ে টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।

আরেক বিশেষ অতিথি সংশপ্তকের প্রোগ্রাম ও ফিল্ড অপারেশন বিভাগের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম শিক্ষার্থীদের চারটি গবেষণা উপস্থাপনার প্রশংসা করেন। তিনি বলেন, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতাকে গবেষণার মাধ্যমে তুলে ধরা একাডেমিক জ্ঞান ও বাস্তবতার মধ্যে সংযোগ তৈরি করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণায় উৎসাহ জোগায়।

সেমিনারে শিক্ষার্থীদের চারটি দল মাঠপর্যায়ের গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা উপস্থাপন করে। উপস্থাপনায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সংকটের স্থায়ী সমাধান হিসেবে মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টিও আলোচনায় আসে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা গবেষণার পদ্ধতি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষক বিদ্যুৎ কান্তি নাথ, ফারিয়া হোসাইন বর্ষা, সুদীপ দে ও ইফতেখার মিয়াসহ সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাজী মোহাম্মদ আলদিন ফারদিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেমিনারটি আয়োজন করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। এতে সহযোগিতা করে প্রিমিয়ার ইউনিভার্সিটি ইকোনমিস্টস ফোরাম (পিইইউএফ)।