ভিডিও ভাইরাল

ছয় বিষয়ে ফেল, ক্ষুব্ধ বাবা পেটালেন প্রধান শিক্ষককে!

যশোরের ঝিকরগাছায় ছেলের নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার জেরে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পরে বিদ্যালয়ের ১১ শিক্ষক থানায় অভিযোগ দিলে অভিযুক্ত অভিভাবককে আটক করে পুলিশ।

আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও নিজের কক্ষে চেয়ারে বসে ছিলেন। এ সময় হঠাৎ কক্ষে প্রবেশ করে ইউনুস আলী তাকে চড় মারেন। পরে অন্য শিক্ষকরা কক্ষে প্রবেশ করে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তিও সেখানে আসেন। ভিডিওতে তাদেরও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জানতে পেরে তার বাবা ইউনুস আলী প্রধান শিক্ষকের কক্ষে যান। সেখানে কোনো কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১১ শিক্ষক এ ঘটনায় থানায় অভিযোগ করেন। পরে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে পুলিশ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতে পাঠানো হবে।