ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবি জানিয়ে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে দেওয়া স্মারকলিপিতে চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই আমডাঙ্গা খাল সংস্কার, মাঘী পূর্ণিমার আগে জোয়ারাধার ব্যবস্থাপনা (টিআরএম) চালু, অসমাপ্ত নদী খননকাজ সম্পন্ন এবং ভবদহ অঞ্চলে ঘের নীতিমালা বাস্তবায়নের দাবি জানানো হয়।
কমিটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই আমডাঙ্গা খাল সংস্কার শেষ করা, টেকা ও হরি নদীর সব ক্রস বাঁধ অপসারণ এবং অগভীর স্থানগুলো গভীর করা। এ ছাড়া মাঘী পূর্ণিমার আগে আইডব্লিউএমের প্রস্তাবিত বিলে টিআরএম চালু, আগামী শুষ্ক মৌসুমে অসমাপ্ত নদী খননকাজ শেষ করা এবং ভবদহ অঞ্চলে ঘের নীতিমালা কার্যকর করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ভবদহ অঞ্চলের মানুষ বছরের পর বছর স্থায়ী জলাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আমডাঙ্গা খাল সৃষ্টি করা হয়। দুই বছর আগে ৫০ কোটি টাকা ব্যয়ে খালটি সংস্কারের প্রকল্প নেওয়া হয়। গত বছর ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ কিলোমিটার নদী খননের প্রকল্পও গ্রহণ করা হয়। তবে দেড় বছর আগে আমডাঙ্গা প্রকল্পের দরপত্র সম্পন্ন হলেও এখনো মূল কাজ শুরু হয়নি।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২৭টি বিলের পানি নিষ্কাশনের প্রধান নদী হরি। নদীটির অন্তত পাঁচ কিলোমিটার অংশ এখনো দুই ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়নি। পাশাপাশি সব ক্রস বাঁধও অপসারণ করা হয়নি। ফলে ভাটার সময় বিভিন্ন স্থানে বাঁধ ও নদীর তলদেশ জেগে উঠছে।
এ ছাড়া ভবদহ স্লুইসগেটের উজানে টেকা ও মুক্তেশ্বরী নদীর সাত কিলোমিটার এবং শ্রী নদীর এক কিলোমিটার অংশ খনন না করেই কাজ সম্পন্ন দেখানো হয়েছে বলে অভিযোগ করেছে কমিটি। মুক্তেশ্বরী নদীতে শত শত নেট-পাটা ও শ্যাওলা থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে বিলগুলোতে চার থেকে পাঁচ ফুট পানি থাকায় অধিকাংশ জমিতে এবারও ফসল উৎপাদন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
স্মারকলিপিতে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, আগামী দুই মাস পর মাঘী পূর্ণিমার জোয়ারের সঙ্গে নদীতে প্রচুর পলি আসতে শুরু করবে। বর্ষাকালে উজানের পানির চাপ না আসা পর্যন্ত নদীতে পলি জমতে থাকবে। এতে ১৪০ কোটি টাকা ব্যয়ে খনন করা নদীগুলো আবারও ভরাট হয়ে আগামী বছর পুরো অঞ্চল জলাবদ্ধতার কবলে পড়তে পারে। এ পরিস্থিতি এড়াতে মাঘী পূর্ণিমার আগেই জাতীয় কর্মশালায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দামুখালি বিলে টিআরএম বাস্তবায়ন জরুরি বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই আমডাঙ্গা খালের সব কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন। টেকা ও মুক্তেশ্বরী নদীর ক্রস বাঁধগুলো দ্রুত অপসারণেরও আশ্বাস দেন তিনি। তবে টিআরএম চালুর বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান জেলা প্রশাসক। পাশাপাশি দ্রুত মৎস্যঘের নীতিমালা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য শেখের বিশ্বাস, অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, ভগীরথ শিকদার, বিকাশ চন্দ্র মল্লিক, রাজু আহমেদ প্রমুখ।