চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অবশেষে পাস হলো টিএসসি প্রকল্প

প্রতিষ্ঠার ৬০ বছর পর অবশেষে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কমপ্লেক্স নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার ৪৯ কোটি ৩৩ লাখ ১ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য সম্পূর্ণ সরকারি অর্থায়নের এই প্রকল্পের অনুমোদন দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিএসসি নির্মাণের প্রকল্পটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। এর ফলে ৬০ বছর পর হলেও আমরা টিএসসি পেতে যাচ্ছি। বুধবার বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।

সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা (২০২২) অনুযায়ী, কোনো প্রকল্পের ব্যয় ৫০ কোটি টাকার কম হলে তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলার প্রয়োজন হয় না।

সংশ্লিষ্ট নথিপত্র সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৯ সালের ৩০ জুনের মধ্যে কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ১০ হাজার ৪৮০ বর্গমিটার আয়তনের পাঁচতলা এই টিএসসি নির্মিত হচ্ছে।

প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর ও আর্থসামাজিক উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। ১৯৬৬ সালে চট্টগ্রাম নগর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের পাহাড়ি ও জনমানবশূন্য এলাকায় সীমিত অবকাঠামো নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। শহর থেকে দূরে হওয়ায় দীর্ঘদিনেও ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় সুযোগ-সুবিধা সহজলভ্য করা সম্ভব হয়নি।

প্রস্তাবে আরও বলা হয়, ২ হাজার ৩১২ দশমিক ৩২ একর আয়তনের এই বিশ্ববিদ্যালয়ে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞানসম্পন্ন স্নাতক ও গবেষক তৈরির লক্ষ্যে একাডেমিক ও গবেষণা সক্ষমতা বাড়ানো জরুরি। এ উদ্দেশ্যে ক্যাম্পাসে সর্বজনীন ব্যবহারোপযোগী এই টিএসসি কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এটি নির্মিত হলে শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক চাহিদা ক্যাম্পাসেই পূরণ হবে; বই বা অন্যান্য শিক্ষা উপকরণের জন্য ২২ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে যেতে হবে না। পাশাপাশি শহরের ওপর নির্ভরতা ৫০ শতাংশ কমে আসবে। কেন্দ্রটি চালু হলে প্রতিদিন প্রায় ২ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক সেবা পাবেন।

পাঁচতলা ভবনে যেসব সুবিধা থাকছে

আধুনিক এই কমপ্লেক্সে বইয়ের দোকান, গবেষণাসামগ্রী সংগ্রহের সুবিধা, আধুনিক ডিজিটাল লাইব্রেরি, পাঠকক্ষ ও পড়াশোনার জায়গা থাকবে। পাশাপাশি সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য লেকচার হল, ক্যাফেটেরিয়া ও রেস্তোরাঁ, কনভেনিয়েন্স স্টোর, এটিএম বুথ এবং প্রিন্টিং ও ফটোকপি সেবা যুক্ত করা হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচল সহজ করতে ভবনটিতে র‍্যাম্প, প্রবেশগম্য লিফট ও বিশেষ শৌচাগার রাখা হচ্ছে। এ ছাড়া মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ, নামাজের কক্ষ, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ২০০ কেভিএ জেনারেটর এবং অগ্নিনিরাপত্তাব্যবস্থা থাকবে।

দীর্ঘদিনের আক্ষেপ ঘুচছে

চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে হাটহাজারীতে অবস্থিত এই ক্যাম্পাসে টিএসসি নির্মাণের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের। এ নিয়ে বছরের পর বছর ধরে আন্দোলন-সংগ্রামও করেছেন শিক্ষার্থীরা। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ২ হাজার ৩১২ একরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী এবং ১ হাজার ১০ জন শিক্ষক রয়েছেন।

প্রকল্পের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন বলেন, টিএসসি নির্মিত হলে আমরা ৬০ বছর ধরে যে শুনে আসছি, আমাদের টিএসসি নেই—সে কথা আর শুনতে হবে না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব তাদের কর্মকাণ্ড আরও বড় পরিসরে চালাতে পারবে। কোনো কিছুর জন্য আর শহরে ছুটতে হবে না। এক ভবনেই সব পাওয়া যাবে। সর্বোপরি ছাত্র-শিক্ষকের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।