ভাঙ্গায় আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতার মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এসময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করে আওয়ামী লীগের কর্মীসমর্থকরা। ওই মিছিল থেকে স্থানীয় হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এসময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। 

এসময় সেখানে কৃষক দলের নেতা রাজু মোল্লাকে একা পেয়ে তার উপর হামলা চালায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া ককটেলে গুরুতর আহত হন রাজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাত ৯ টার দিকে একটি অজ্ঞত পরিচয় মৃত্যু দেহ আমাদের কাছে আসে। পরবর্তীতে তার মেডিকেল চেকআপ করে দেখা যায় সে মৃত অবস্থায় ছিল। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি অজ্ঞাত ব্যক্তি নিহত হওয়ার কারণ কি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজুকে তারা রাস্তায় একা পেয়ে তার উপরে হামলা করে। পরবর্তীতে তাকে পিটিয়ে ও ককটেল মেরে হত্যা করে। কৃষক দল নেতা রাজুকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। 

দিকে এই ঘটনার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়ক রাত ৯টা থেকে রাত ১০:১৫ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।