জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায় মাকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মৃত্যুর পর দ্রুত দাফন করা হয়েছিল ৬২ বছর বয়সী সুফিয়া বেগমকে। তবে দাফনের আগে তাঁর শরীরে আঘাত ও কালশিটে দাগ দেখতে পেয়ে স্বজনদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রায় তিন মাস পর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কবর থেকে তাঁর মরদেহ উত্তোলন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য চরসালেপুর গ্রামের আমিন খারহাট এলাকার কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মরদেহ উত্তোলন কার্যক্রমের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। এ সময় সিআইডির পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি দল এবং চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) কাজী রিপনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালতে দাখিল করা অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা বিক্রির টাকা নিয়ে সুফিয়া বেগমের সঙ্গে তাঁর একমাত্র ছেলে সালাম ব্যাপারীর বিরোধ চলছিল। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়েই বসবাস করতেন সুফিয়া বেগম। তাঁর বসতভিটা, ঘরবাড়ি ও মাঠে কিছু জমি ছিল। অভিযোগ, এসব সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য মাকে প্রায়ই চাপ দিতেন সালাম। এতে রাজি না হওয়ায় তাঁকে মারধর ও শারীরিক নির্যাতন করা হতো। এমনকি জমির কাগজপত্র বুঝিয়ে না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিহতের বোন ও মামলার বাদী নিলিমা বেগমের অভিযোগ, গত ১৪ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬ সালের সকাল ৭টার মধ্যে যেকোনো একসময় সালাম, শেখ ইকবালসহ অজ্ঞাতনামা সহযোগীরা তাঁর বোন সুফিয়া বেগমকে হত্যা করেন। পরে ঘটনাটি আড়াল করতে দ্রুত মরদেহ দাফন করা হয়।
এজাহারে বাদী উল্লেখ করেন, ১৫ আগস্ট সকালে বোনের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের নিয়ে তাঁর বাড়িতে যান। সেখানে সুফিয়া বেগমের মুখমণ্ডলে রক্তের দাগ, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বুক ও গলায় কালশিটে দাগ দেখতে পান। এসব চিহ্ন দেখে স্বাভাবিক মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয় স্বজনদের মধ্যে। তাঁদের দাবি, জমি বিক্রির টাকা আদায়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিলিমা বেগম বাদী হয়ে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলায় সালাম ও শেখ ইকবালকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় দায়ের করা মামলায় হত্যার পাশাপাশি আলামত গোপনের অভিযোগও আনা হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পরবর্তী সময়ে আদালতে পৃথক আবেদন করেন বাদী। ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারায় করা ওই আবেদনে কবর থেকে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্ত এবং প্রয়োজনে ভিসেরা সংগ্রহসহ রাসায়নিক ও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সোমবার কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য সুফিয়া বেগম নামে এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত, ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে।