 তুরাগ দখলমুক্ত প্রকল্প

দায়ীদের থেকেই আদায় হোক ক্ষতিপূরণ 

২০১৯ সালে হাইকোর্ট তুরাগ নদসহ দেশের সব নদনদীকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে ঘোষণা করেন। ২০২০ সালে আপিল বিভাগেও এই রায় বহাল থাকে। কিন্তু এই ‘জীবন্ত সত্তা’র অবস্থা কতটা ত্রাহি ত্রাহি এর চিত্র উঠে এসেছে ১৭ নভেম্বর দেশ রূপান্তরে। ‘এবার তুরাগ দখলমুক্ত করতে ৫৬৭ কোটি টাকার প্রকল্প’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর পাশের তুরাগ নদ দখলমুক্ত ও দূষণ নিয়ন্ত্রণে ৫৬৭ কোটি ৪ লাখ টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। এর আওতায় নদের তলদেশ থেকে প্রায় ২৩ লাখ ৫০ হাজার ঘনমিটার দূষিত পদার্থ অপসারণ, পুনঃখনন এবং পানির ধারণক্ষমতা বাড়ানো হবে। আমরা জানি, এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম : তুরাগ নদের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় সমন্বিত দূষণ পর্যবেক্ষণ ও প্রয়োগ ব্যবস্থা’ শীর্ষক একটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। তবে ১৮৩ কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পে বিদেশে প্রশিক্ষণ গ্রহণ ও বিলবোর্ড স্থাপনে অতিরিক্ত ব্যয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠেছিল এবং তা পরে একনেকে অনুমোদন পায়নি।

সচেতন মানুষ মাত্রেরই জানা, একদিকে রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো দীর্ঘদিন ধরে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য, রাসায়নিক পদার্থ ও ভারী ধাতুর কারণে দূষণের শিকার। বিশেষ করে তুরাগ নদের দুই পাড়ের অবস্থাগত কারণে পানির গুণগত মান নষ্ট হচ্ছে। অন্যদিকে তুরাগ নদের জায়গা দখল ও মাটি ভরাটের কারণে এর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং ক্রমেই সংকুচিত হচ্ছে নদের প্রশস্ততা। নদীখেকোদের এই আগ্রাসী থাবা কমবেশি দেশের সর্বত্রই বিদ্যমান। নদনদী বলবানদের লোভের থাবায় কতটা বিপন্ন-বিপর্যস্ত এবং এর অভিঘাত পরিবেশ-প্রতিবেশে কি ভয়াবহভাবে পড়েছে নতুন করে এর ব্যাখ্যা-বিশ্লেষণ নিষ্প্রয়োজন। তা সম্প্রসারিত হয়েছে জনজীবনের বিভিন্ন পর্যায়েও। আর আর্থিক ক্ষতি তো বটেই অপরিমেয়! এ জন্য আমরা বিস্মিত, সমান্তরালে ক্ষুব্ধও। আমরা প্রশ্ন রাখতে চাই, জনসম্পত্তি আগ্রাসীদের থাবামুক্ত করতে সরকারের কোষাগারের অর্থ নাশ করতে হচ্ছে কেন?

আমাদের বক্তব্য, নদনদী তো বটেই, যে বা যারাই জনসম্পত্তি গ্রাস করবে তা মুক্ত করতে হবে নির্মোহ অবস্থান নিয়ে এবং একই সঙ্গে কঠোর আইনানুগ ব্যবস্থাসহ ক্ষতিপূরণ দখল কিংবা দূষণকারীদের কাছ থেকে আদায়ের ব্যবস্থার বিধান করা হোক। নদনদীগুলো দূষণ-দখল থেকে রক্ষা করতে জাতীয় নদী রক্ষা কমিশনকে এর  ‘আইনগত অভিভাবক’ ঘোষণা করা হয়েছে বটে, কিন্তু আমরা তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন রাখি। তাদের জবাবদিহির আওতায় আনা হোক, কেন তাদের অস্তিত্বও থাকা সত্ত্বেও এই কদাচারের বিস্তৃতি ঘটছে। আদালতের রায়ে নদনদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও কজনকে আনা হয়েছে শাস্তির আওতায়? আদালতের নির্দেশনায় আরও বলা হয়, দেশের সব নদনদীর দখল ও স্থাপনা উচ্ছেদ করতে হবে এবং নদীগুলোকে আগের নাব্য অবস্থায় ফিরিয়ে আনতে হবে। কিন্তু এ পর্যন্ত এ ক্ষেত্রেইবা কতটা কী হয়েছে? কী করে প্রকৃতি ও জনজীবন বৈরী অনাচার চলছে নির্বিবাদে? জিজ্ঞাসার শেষ নেই, কিন্তু জবাবের কিংবা জবাবদিহির নজির দুর্ভাগ্যজনকভাবে অপ্রীতিকর। বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও নদীর প্রতি পরিচর্যার অভাব কতটা প্রকট এ নিয়েও আলোচনা নিষ্প্রয়োজন, যেখানে মাত্রিক নেতিবাচকতা স্পষ্ট দৃশ্যমান।

উচ্ছেদ আর দখলের ‘চোর-পুলিশ’ খেলায় আমাদের জন্য প্রকৃতির এত বড় আশীর্বাদ এখন ব্যক্তি কিংবা মহল বিশেষের কারণে রূপান্তরিত হয়েছে কঠিন অভিশাপে। দখলদারদের কবল থেকে রক্ষা করতে তুরাগ ‘লিগ্যাল পারসন’ স্বীকৃতি পেয়েছে এবং দেশের সব নদনদীর ক্ষেত্রেও তা প্রযোজ্য। কিন্তু এরপরও দুরবস্থা কেন লক্ষণীয় এর ব্যাখ্যার দায় বর্তায় সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের ওপরই। আমরা কোনো অজুহাত কিংবা পরস্পরের প্রতি কোনো দোষারোপ কিংবা উদাসীনতা-ব্যর্থতা দেখতে-শুনতে চাই না। আমরা চাই যথাযথ প্রতিবিধান। নদনদী ফিরে পাক তার হৃত অতীত। এ নিয়ে কথা হয়েছে বিস্তর, এখন অনতিবিলম্বে আমরা দেখতে চাই কাজের কাজ।