হোয়াটসঅ্যাপ চ্যাটে না ঢুকে ম্যাসেজ পড়তে পারবেন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ এএম

আপনার হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠিয়েছে। আপনি পড়তে চাচ্ছেন অথচ প্রেরককে জানাতে চান না। অথচ চ্যাট খুলে মেসেজ পড়লেই অনেক সময় প্রেরকের কাছে পৌঁছে যায় রিড রিসিপ্ট বা ব্লু টিক। ফলে বার্তা পড়েও উত্তর না দিলে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে। এই সমস্যা এড়াতে অনেকেই হোয়াটসঅ্যাপের রিড রিসিপ্ট বন্ধ করে রাখেন। কিন্তু তাতে অন্যের মেসেজ পড়েছেন কিনা, সেটিও আর সহজে বোঝা যায় না। এবার সেই ঝামেলা কমাতে নতুন একটি ফিচার আনার প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাটি চালু হলে নির্দিষ্ট কোনো চ্যাটের ওপর কিছুক্ষণ চেপে ধরলেই সামনে একটি প্রিভিউ উইন্ডো খুলে যেতে পারে। সেখানে সাম্প্রতিক মেসেজগুলো দেখা যাবে। প্রয়োজনে ওই উইন্ডোর মধ্যেই স্ক্রল করে আরও পুরনো বার্তাও পড়তে পারবেন ব্যবহারকারী। এই পদ্ধতিতে চ্যাটের মূল উইন্ডোতে প্রবেশ করতে হবে না। ফলে প্রিভিউ থেকে মেসেজ পড়লেও চ্যাটটি আনরিড বা না-পড়া হিসেবেই থাকতে পারে। অর্থাৎ প্রেরকের কাছে রিড রিসিপ্ট পৌঁছানোর সম্ভাবনা থাকবে না। ফিচারটি চূড়ান্তভাবে চালু হলে এর কার্যকারিতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

নতুন চ্যাট প্রিভিউয়ের সঙ্গে ‘কুইক অ্যাকশন’ নামে আরও কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে চ্যাট না খুলেই কয়েকটি প্রয়োজনীয় কাজ করা সম্ভব হতে পারে। যেমন কোনো কথোপকথনকে রিড বা আনরিড হিসেবে চিহ্নিত করা, পিন করা, আর্কাইভ করা কিংবা ডিলিট করা যাবে।

এ ছাড়া চ্যাটের ওপর থেকে পাওয়া ‘মোর অপশন’ ব্যবহার করে চ্যাট লক করার মতো কাজও করা যেতে পারে। অর্থাৎ প্রতিটি ছোটখাটো কাজের জন্য আলাদা করে কথোপকথনের ভেতরে ঢোকার প্রয়োজন কমবে। এতে একসঙ্গে একাধিক চ্যাট সামলানোও সহজ হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত