শরীরের জন্য জরুরি তিন ভিটামিন

সারাক্ষণ শরীরে ঝিমঝিমে ভাব, ক্লান্তি কিছুতেই কাটছে না। হাত-পা কাঁপছে সর্বক্ষণ। কিছু ধরতে গেলে আঙুলগুলো আড়ষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই এসব সমস্যাকে ক্লান্তি বা বয়সজনিত কারণ ভেবে এড়িয়ে যান। কিন্তু শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিন ও খনিজের ঘাটতির কারণে হতে পারে।

ভিটামিন বি১২

ভিটামিন বি১২ শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করতে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। এর অভাবে শরীরে ‘মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া’ দেখা দেয়। ফলে কোষে কোষে অক্সিজেনের অভাব হয়। তার প্রভাবে সারাক্ষণ চরম ক্লান্তি এবং ঝিমুনি ভাব লেগেই থাকে। স্নায়ুর সঙ্কেত ঠিকমতো আদান-প্রদান হতে পারে না এবং হাত-পায়ে অবশ ভাব, পেশির খিঁচুনি হতে থাকে।

ভিটামিন ডি

ভিটামিন ডি মূলত ক্যালশিয়াম শোষণ করতে সাহায্য করে এবং পেশির কার্যক্ষমতা স্বাভাবিক রাখে। ঘরের ভেতরে বেশি সময় কাটানো এবং রোদ কম লাগার কারণে এই ভিটামিনের ঘাটতি দেখা দেয়। ভিটামিন ডি শরীরে শক্তি উৎপাদনেও বিশেষ ভূমিকা নেয়। সামান্য পরিশ্রমেও হাড় ও পেশিতে ব্যথা হতে পারে, পেশির খিঁচুনিও হয়, এমনকি অবসাদের লক্ষণও দেখা দিতে থাকে।

ভিটামিন ই

ভিটামিন ই আসলে শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, যা কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। এর অভাবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভিটামিন ই-এর অভাবে স্নায়ুকোষ দুর্বল হয়। ফলে হাত ও পায়ের পেশি দুর্বল হয়ে পড়ে। এতে হাত, পায়ে কাঁপুনি, ঝিমুনি বেশি হয়।