লক্ষ্য হোক জীবনযাত্রার উন্নয়ন

সকালে ঘর থেকে বের হওয়ার সময় একজন নগরবাসীর সবচেয়ে বড় অনিশ্চয়তা এখন আর গন্তব্য নয়, কখন সেখানে পৌঁছাবেন, সেটি। কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা চলে যায়। রাস্তার পাশে বহুতল ভবন, শপিং মল, অফিস, হাসপাতাল সবই আছে। শহর প্রতিদিন বড় হচ্ছে। অথচ সেই শহরেই মানুষের হাঁটার জায়গা কমছে, খেলার মাঠ হারিয়ে যাচ্ছে, গাছপালা উধাও হচ্ছে, কমছে খোলা আকাশ ও প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ। এমনকি নিজের জন্য সময়টুকুও যেন সংকুচিত হয়ে আসছে। এখানেই প্রশ্ন শহর বড় হচ্ছে, কিন্তু নাগরিক জীবন কি ছোট হয়ে যাচ্ছে? নগরায়ণকে সাধারণত উন্নয়নের দৃশ্যমান চিহ্ন হিসেবে দেখা হয়। নতুন সড়ক, উঁচু ভবন, ফ্লাইওভার, মেট্রোরেল কিংবা বাণিজ্যিক কেন্দ্র নির্মিত হলে মনে হয় শহর এগিয়ে যাচ্ছে। কিন্তু নগরায়ণ শুধু ইট-পাথরের বিস্তার নয়। একটি শহর কত উঁচু ভবন তৈরি করেছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, নাগরিকদের কতটা বাসযোগ্য জীবন দিতে পারছে।

ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে জনসংখ্যা, যানবাহন ও অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত বেড়েছে। কিন্তু সেই অনুপাতে বাড়েনি নাগরিক সুবিধা, উন্মুক্ত স্থান, গণপরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের সক্ষমতা। ফলে শহর সম্প্রসারিত হলেও নাগরিক জীবনের পরিসর সংকুচিত হচ্ছে। একটি আধুনিক শহরের মূল দর্শন হওয়া উচিত শহর মানুষের জন্য। অথচ আমাদের নগর পরিকল্পনায় অনেক সময় মানুষ নয়, অবকাঠামোই অগ্রাধিকার পায়। নতুন সড়ক তৈরি হয়, কিন্তু ফুটপাত থাকে না। আবাসিক এলাকায় বহুতল ভবন ওঠে, কিন্তু খেলার মাঠ বা পার্কের ব্যবস্থা হয় না। বাণিজ্যিক কেন্দ্র গড়ে ওঠে, কিন্তু পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা থাকে না। ফলে অবকাঠামো তৈরি হলেও নাগরিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত হয় না। ঢাকার একজন মানুষকে প্রতিদিন কর্মস্থলে যাওয়া-আসায় চার ঘণ্টা ব্যয় করতে হলে তার জীবনের মূল্যবান সময় হারিয়ে যায়। যানজট কেবল পরিবহন সমস্যা নয়; এটি মানুষের জীবনমানের সংকট। একটি শহরের মানবিকতার অন্যতম মাপকাঠি হলো সেখানে মানুষ কতটা নিরাপদে হাঁটতে পারেন। অথচ ফুটপাত দখল, অপরিকল্পিত পার্কিং ও নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। মানুষ বাধ্য হয়ে সড়কে হাঁটছেন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গাড়ির জন্য জায়গা বাড়াতে গিয়ে মানুষের হাঁটার জায়গা কেড়ে নেওয়া আধুনিকায়ন নয়; এটি নাগরিক অগ্রাধিকারের ভুল নির্ধারণ। উঁচু ভবন বাড়ছে, কিন্তু আকাশ কোথায়? নগরায়ণের আরেকটি বড় সংকট উন্মুক্ত স্থান হারিয়ে যাওয়া। একটি শিশুর জন্য খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়, তার শারীরিক ও মানসিক বিকাশের অংশ। পার্ক নাগরিকের বিশ্রাম ও সামাজিক যোগাযোগের জায়গা। গাছ শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। কিন্তু অপরিকল্পিত নগর সম্প্রসারণে মাঠ, পার্ক, জলাধার ও গাছপালা ক্রমেই হারিয়ে যাচ্ছে। জলাধার ভরাট, খাল দখল ও অপর্যাপ্ত নিষ্কাশনব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। প্রকৃতিকে বাদ দিয়ে শহর তৈরি করা যায়, কিন্তু প্রকৃতিকে অস্বীকার করে বাসযোগ্য শহর গড়া যায় না।

নগর উন্নয়নের সুবিধা কারা পাচ্ছেন, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ। বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে, কিন্তু নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থানের সংকট রয়ে যাচ্ছে। শহর যাদের শ্রমে সচল থাকে, পরিচ্ছন্নতাকর্মী, রিকশাচালক, নির্মাণশ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা নিরাপত্তাকর্মী নগর পরিকল্পনায় তাদের জীবনযাপনের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায় না। একটি অন্তর্ভুক্তিমূলক শহরে সব শ্রেণির মানুষের জন্য বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গণপরিবহনের সুযোগ নিশ্চিত করতে হবে। নগর সমস্যার সমাধানে শুধু নতুন রাস্তা বা ফ্লাইওভার নির্মাণ যথেষ্ট নয়। প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। একটি আবাসিক এলাকা গড়ে তোলার সময় ভবনের পাশাপাশি স্কুল, হাসপাতাল, পার্ক, খেলার মাঠ, হাঁটার পথ ও পানি নিষ্কাশনের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে হবে, যাতে একটি সংস্থা রাস্তা নির্মাণের পর অন্য সংস্থা সেটি বারবার খুঁড়ে ফেলার মতো পরিস্থিতি তৈরি না হয়।

প্রযুক্তির ব্যবহার নগর ব্যবস্থাপনাকে কার্যকর করতে পারে। ডিজিটাল ট্রাফিক নিয়ন্ত্রণ, সমন্বিত গণপরিবহন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও অনলাইন নাগরিকসেবা মানুষের ভোগান্তি কমাতে পারে। তবে স্মার্ট সিটি মানে শুধু ক্যামেরা বা প্রযুক্তিনির্ভর সেবা নয়; প্রযুক্তির মাধ্যমে নাগরিকের জীবন সহজ করাই এর মূল উদ্দেশ্য। একই সঙ্গে ঢাকার ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে জেলা ও বিভাগীয় শহরগুলোতে মানসম্মত শিক্ষা, চিকিৎসা, শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। ভালো চাকরি, শিক্ষা কিংবা চিকিৎসার জন্য সবাইকে রাজধানীমুখী হতে হলে ঢাকার ওপর চাপ কমবে না। সুষম আঞ্চলিক উন্নয়ন তাই নগর সমস্যার স্থায়ী সমাধানের অন্যতম শর্ত। নগর উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমানের উন্নতি। একটি শহর তখনই সফল, যখন শিশু নিরাপদে খেলতে পারে, প্রবীণ মানুষ নির্বিঘেœ হাঁটতে পারেন, নারী গণপরিবহনে নিরাপদ বোধ করেন, প্রতিবন্ধী নাগরিক চলাচলের সুযোগ পান এবং শ্রমজীবী মানুষ সাশ্রয়ী বাসস্থানে থাকতে পারেন। শহর বড় হওয়া অপরাধ নয়। সমস্যা তখনই, যখন শহরের আয়তন বাড়ে, কিন্তু নাগরিকের জীবন সংকুচিত হয়। আমাদের এমন শহর দরকার, যেখানে আরও ভবনের পাশাপাশি আরও গাছ থাকবে, আরও সড়কের পাশাপাশি নিরাপদ হাঁটার পথ থাকবে, আরও গাড়ির বদলে কার্যকর গণপরিবহন থাকবে। সবচেয়ে বড় কথা, নাগরিকের সময়, নিরাপত্তা, স্বস্তি ও মর্যাদা উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকবে। আমরা কি শুধু বড় শহর চাই, নাকি বাসযোগ্য শহরও চাই? এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে আমাদের নগরায়ণের ভবিষ্যৎ।

লেখক : গবেষক ও গণমাধ্যমকর্মী

drharun.press@gmail.com