শীতে শরীর আর্দ্র থাকুক

শীতে তৃষ্ণা কম পায়। ফলে শীতে পানি পানের কথা ভুলে যাই আমরা। অথচ শীতের শুষ্ক আবহাওয়ায় শরীরের আর্দ্রতা ধরে রাখা জরুরি। কারণ, ঠা-ায়

তৃষ্ণার অনুভূতি কম হলেও শরীর থেকে নিয়মিত পানি বেরিয়ে যায়। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে। ফলে ত্বক ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে পানি হারানোর পরিমাণ বাড়তে পারে। গরমের মতো ঘাম না হওয়ায় অনেকেই বুঝতে পারেন না শরীরে পানির ঘাটতি তৈরি হচ্ছে। এর ফলে ঠোঁট ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া, মুখ শুকিয়ে আসা, মাথাব্যথা, ক্লান্তি কিংবা প্রস্রাবের রং গাঢ় হওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

পানি পানের অভ্যাস

শীত বলে পানি পান কমিয়ে দেওয়ার সুযোগ নেই। নির্দিষ্ট বিরতিতে পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে। সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক তরলের চাহিদা আড়াই থেকে তিন লিটারের কাছাকাছি। বয়স, শারীরিক পরিশ্রম, আবহাওয়া ও শারীরিক অবস্থার ওপর এই চাহিদা নির্ভর করে। খাবার ও অন্যান্য পানীয় থেকেও শরীর তরল পায়। নানা ধরনের তরল খাবার পানীয়ের তালিকায় রাখতে পারেন।

যেসব পানীয় খেতে পারেন

আদা চা : শীতের সকালে কিংবা বিকেলের আড্ডায় আদা দেওয়া এক কাপ চায়ের জুড়ি নেই। আদায় রয়েছে জিঞ্জেরল নামের উপাদান, যার প্রদাহরোধী বৈশিষ্ট্য রয়েছে।

দারুচিনি চা : দারুচিনিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। চায়ের সঙ্গে ছোট এক টুকরা দারুচিনি দিয়ে ফুটিয়ে নিতে পারেন।

দুধ : শীতের রাতে এক গ্লাস হালকা গরম দুধ বেশ আরামদায়ক। দুধে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম ও বিভিন্ন ভিটামিন। শরীরে তরল সরবরাহের পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণেও সহায়তা করে।

গ্রিন টি : যারা চায়ের বিকল্প খুঁজছেন, তারা বেছে নিতে পারেন গ্রিন টি। এতে রয়েছে পলিফেনল নামের অ্যান্টিঅক্সিডেন্ট। দুপুরের খাবারের পর বা বিকেলে এক কাপ গ্রিন টি পান করতে পারেন।

কফি : শীতের বিকেলে এক কাপ কফি অনেকেরই পছন্দের। তবে অতিরিক্ত কফি পান ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

মধু মেশানো পানি : সকালে হালকা গরম পানিতে সামান্য মধু মিশিয়ে পান করতে পারেন। যারা সাধারণ পানি পান করতে অনীহা বোধ করেন, তাদের জন্য পানির স্বাদে কিছুটা ভিন্নতা আনতে পারে।

স্যুপ : শীতের সঙ্গে স্যুপের সম্পর্ক যেন বেশ নিবিড়। ঠা-া বিকেলে কিংবা রাতের খাবারে এক বাটি স্যুপ মুহূর্তেই এনে দিতে পারে উষ্ণতার অনুভূতি। সবজি, মুরগির মাংস, ডিম কিংবা ডাল দিয়ে তৈরি স্যুপ শরীরে তরল ও পুষ্টি জোগায়। চাইলে গাজর, টমেটো, ফুলকপি, মটরশুঁটি ও মাশরুম দিয়ে তৈরি করতে পারেন মজাদার সবজির স্যুপ।

ফল ও সবজিতেও মিলবে পানি

শরীর আর্দ্র রাখতে শুধু পানীয়ের ওপর নির্ভর করতে হবে না। প্রতিদিনের খাবারে রাখতে পারেন পানিসমৃদ্ধ ফল ও সবজি। শসা, টমেটো, কমলা, মাল্টা, পেয়ারা, আপেলসহ বিভিন্ন মৌসুমি ফল খেতে পারেন। পাশাপাশি সবজি দিয়ে তৈরি সালাদ ও হালকা ঝোলও শরীরে তরল সরবরাহে ভূমিকা রাখে।

 যা করবেন

ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করুন।

কাজের ফাঁকে ফাঁকে পানি পান করার অভ্যাস করুন।

বাইরে বের হলে সঙ্গে পানির বোতল রাখুন।

অতিরিক্ত চা-কফি ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন।

প্রতিদিনের খাবারে ফল, সবজি ও স্যুপ রাখুন।

ঠোঁট ও ত্বকের শুষ্কতার পাশাপাশি প্রস্রাবের রঙের দিকেও খেয়াল রাখুন।