শিশুর বেড়ে ওঠার প্রতিটি ধাপেই পরিচ্ছন্নতার শিক্ষা গুরুত্বপূর্ণ। বাইরে থেকে ফিরে হাত-মুখ ধোয়া, নিয়মিত দাঁত মাজা, পরিষ্কার পোশাক পরা কিংবা খাবার আগে হাত ধোয়া এসব ছোট ছোট অভ্যাসই শিশুকে নানা ধরনের রোগজীবাণু থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। তবে শিশুকে এসব নিয়ম শেখানো সব সময় সহজ হয় না। অনেক সময় বারবার বলার পরও তারা কথা শুনতে চায় না। কেউ খেলায় মেতে থাকে, কেউ আবার নিয়ম মানতে অনীহা দেখায়। তাই বকাঝকা বা শাসন নয়, বরং আনন্দের মধ্য দিয়ে শিশুকে পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝানো জরুরি। ছোটবেলা থেকেই ধীরে ধীরে এসব অভ্যাস গড়ে তুলতে পারলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা শিশুর দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে।
দাঁত পরিষ্কারে হোক আনন্দ
শিশুর প্রথম দাঁত ওঠার পর থেকেই মুখের পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া প্রয়োজন। দাঁত ওঠার আগে মাড়ি পরিষ্কার নরম ও পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে মুছে দেওয়া যায়। দাঁত উঠলে বয়স অনুযায়ী উপযুক্ত টুথব্রাশ ও ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। ছোট শিশুর দাঁত মা-বাবার সহায়তায় পরিষ্কার করা উচিত। দুই বছর বয়স পর্যন্ত চালের দানার সমান এবং তিন থেকে ছয় বছর বয়সে মটরদানার সমান পরিমাণ টুথপেস্ট ব্যবহার করা যায়। শিশুকে দিনে দুবার দাঁত মাজার অভ্যাস করান। শিশুরা বড়দের অনুকরণ করতে ভালোবাসে। তাই দাঁত মাজার সময় মা-বাবাও পাশে দাঁড়িয়ে ব্রাশ করতে পারেন। চাইলে মজার ছড়া বা গান গেয়ে দাঁত মাজার সময়টিকে আনন্দময় করে তুলুন। এতে শিশুর অনীহা কমবে। মিষ্টি বা চকলেট খাওয়ার পর পানি দিয়ে মুখ কুলকুচি করার অভ্যাসও করাতে পারেন।
শিশুর পরিচ্ছন্নতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো হাত ধোয়া। বাইরে থেকে বাড়ি ফিরে, খাবার আগে, টয়লেট ব্যবহারের পর এবং খেলাধুলার পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। শুধু পানি দিয়ে হাত ধুলেই যথেষ্ট নয়। হাতের তালু, হাতের পিঠ, আঙুলের ফাঁক, নখের নিচে এবং কবজি পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করতে হবে। অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার নিয়ম শেখান। শিশুদের হাত ধোয়ার প্রতি আগ্রহী করতে রঙিন সাবান, ছোট তোয়ালে কিংবা মজার ছড়ার সাহায্য নিতে পারেন। বাইরে থাকলে সাবান-পানি না পাওয়া গেলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যায়। তবে ছোট শিশুদের ক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহারের সময় বড়দের তত্ত্বাবধান জরুরি।
টয়লেট ব্যবহারে পরিচ্ছন্নতা
শিশুর বয়স ও শারীরিক প্রস্তুতি অনুযায়ী ধীরে ধীরে টয়লেট ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন। নির্দিষ্ট সময়ে টয়লেটে যাওয়ার অভ্যাস করালে শিশু নিজের প্রয়োজন বুঝতে শিখবে। তবে এ ক্ষেত্রে তাড়াহুড়া বা জোর করা ঠিক নয়। প্রতিবার টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া এবং শরীরের সংবেদনশীল অংশ পরিষ্কার রাখার নিয়ম শেখাতে হবে। ছোট শিশুদের ক্ষেত্রে অভিভাবকের সহায়তা প্রয়োজন। মেয়েশিশুদের পরিষ্কারের সময় সামনে থেকে পেছনের দিকে মুছে দেওয়ার অভ্যাস করানো ভালো। শিশুকে ধীরে ধীরে নিজের পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে উৎসাহিত করুন।
নিয়মিত নখ কাটা ও পরিষ্কার রাখা
শিশুর হাতের নখে সহজেই ময়লা ও জীবাণু জমতে পারে। বিশেষ করে খেলাধুলার সময় মাটি, ধুলাবালি ও নানা ধরনের ময়লা নখের ফাঁকে আটকে থাকে। তাই নিয়মিত নখ পরীক্ষা করুন এবং প্রয়োজন অনুযায়ী কেটে দিন। নখ খুব বড় হতে দেবেন না। শিশুকে নখ কামড়ানোর অভ্যাস থেকেও বিরত রাখুন। পাশাপাশি কান পরিষ্কারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। কানের ভেতরে কটন বাড, কাঠি বা অন্য কোনো বস্তু ঢুকিয়ে পরিষ্কার করা উচিত নয়। কানের বাইরের অংশ নরম কাপড় দিয়ে মুছে দিলেই যথেষ্ট।
হাঁচি-কাশির শিষ্টাচার শেখান
শিশুর ছোটবেলা থেকেই হাঁচি-কাশির সময় মুখ ও নাক ঢাকার অভ্যাস করানো জরুরি। রুমাল বা টিস্যু দিয়ে মুখ ঢেকে হাঁচি-কাশি দিতে শেখান। টিস্যু ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে এবং এরপর হাত পরিষ্কার করতে হবে। রুমাল না
থাকলে কনুইয়ের ভাঁজে মুখ ঢেকে হাঁচি বা কাশি দেওয়ার নিয়ম শেখান। এতে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে।
পরিষ্কার পোশাক ও ব্যক্তিগত সামগ্রী
শিশুর জামাকাপড়, তোয়ালে, বিছানার চাদর ও ব্যবহারের অন্যান্য সামগ্রী নিয়মিত পরিষ্কার করতে হবে। ঘাম বা ময়লা লাগলে পোশাক বদলে দিন। শিশুর চিরুনি, টুথব্রাশ, পানির বোতল কিংবা তোয়ালে অন্যের সঙ্গে ভাগাভাগি না করার অভ্যাসও গড়ে তুলুন। খেলনা ও স্কুলের ব্যাগ নিয়মিত পরিষ্কার রাখুন। পাশাপাশি শিশুকে প্রতিদিন গোসল করা, শরীর ভালোভাবে মুছে শুকনো পোশাক পরা এবং চুল পরিষ্কার রাখার অভ্যাস করাতে হবে।
শাসন নয়, অনুশীলনেই অভ্যাস
শিশুকে পরিচ্ছন্নতার নিয়ম শেখানোর সবচেয়ে ভালো উপায় হলো নিজেরা তা মেনে চলা। কারণ শিশুরা কথার চেয়ে কাজ দেখে বেশি শেখে। তাই পরিবারের সবাইকে একই নিয়ম অনুসরণ করতে হবে। পরিচ্ছন্নতার কোনো অভ্যাস ঠিকভাবে পালন করলে শিশুর প্রশংসা করুন। প্রয়োজনে ছোট ছোট পুরস্কার বা স্টিকার দিয়ে উৎসাহিত করতে পারেন। মনে রাখতে হবে, এক দিনে কোনো অভ্যাস তৈরি হয় না। ধৈর্য, ভালোবাসা ও নিয়মিত অনুশীলনের মধ্য দিয়েই শিশুর মধ্যে পরিচ্ছন্নতার বোধ গড়ে ওঠে। এই শিক্ষা শুধু তাকে সুস্থ রাখবে না, ভবিষ্যতে দায়িত্বশীল ও সচেতন মানুষ হিসেবেও গড়ে উঠতে সাহায্য করবে।