যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় এশিয়ার শেয়ারবাজারে ধস

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে অঞ্চলটির প্রযুক্তি ও ডেটা সেন্টার খাতে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা সেন্টারভিত্তিক ১০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের শিল্পে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই প্রভাবে গতকাল মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রযুক্তি ও ডেটা সেন্টার-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে বড় ধরনের দরপতন দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম অনুযায়ী, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দেশে উন্নত প্রযুক্তির চিপ সরবরাহের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে। এসব দেশের কিছু চীনা প্রতিষ্ঠান এআই মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা সংগ্রহে ব্যবহার করে আসছিল। একই সঙ্গে চীনে সদর দপ্তর থাকা প্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণ কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করে এমন বিদেশি ডেটা সেন্টারগুলোর ওপরও নতুন শর্ত আরোপ করা হয়েছে।

নতুন বিধিনিষেধের খবর ছড়িয়ে পড়ার পর মালয়েশিয়ার প্রযুক্তি ও বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর শেয়ারে নেতিবাচক প্রভাব পড়ে। দেশটির ওয়াইটিএল পাওয়ারের শেয়ারের দর প্রায় ১০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়াইটিএল করপোরেশনের শেয়ারও ৮ শতাংশ হারিয়েছে। অন্যদিকে চিপ শিল্পে সেবা প্রদানকারী ফ্রন্টকেনের শেয়ারের দর কমেছে ৪ শতাংশ।

একই পরিস্থিতি দেখা গেছে সিঙ্গাপুরের পুঁজিবাজারেও। দেশটির চিপ সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্রেনকেনের শেয়ার ৩ দশমিক ৯১ শতাংশ এবং সেমিকন্ডাক্টর পরীক্ষাকারী প্রতিষ্ঠান এইএমের শেয়ার ২ দশমিক ৯ শতাংশ কমেছে। এ ছাড়া চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানের ডেটা সেন্টার-সংশ্লিষ্ট উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও দরপতনের প্রভাব পড়েছে।