চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের রপ্তানি ও বাণিজ্য সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)-ফেজ থ্রি’ প্রকল্পের আওতায় প্রণীত খসড়া কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) চূড়ান্তকরণ বিষয়ক সভায় তিনি এ নির্দেশনা দেন। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

সভায় জানানো হয়, এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা ও দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে তিন বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় সাড়ে ৩ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩৫ লাখ ডলার) তহবিল ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন ডলার সাতটি অগ্রাধিকার খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

সভায় ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হাফিজুর রহমান খসড়া সিপিডির ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা  করেন। এতে দেশের বাণিজ্য ও রপ্তানি খাতের আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রস্তাব করা হয়। প্রস্তাবিত উদ্যোগের মধ্যে রয়েছে রিয়েল-টাইমে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ ও পূর্বাভাস দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ‘মার্কেট ইন্টেলিজেন্স সিস্টেম’ গড়ে তোলা, প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বৃদ্ধি, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করা।

এ ছাড়া পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক তৈরি, কার্বন মার্কেট পলিসি প্রণয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা বাড়াতে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বেসরকারি ব্যক্তিবর্গের প্রশিক্ষণের বিষয়টি সভায় বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাতকে আরও সক্ষম ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রস্তাবিত উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবমন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে দ্রুততম সময়ে খসড়া কর্মপরিকল্পনাটি চূড়ান্ত করে প্রকল্প প্রণয়ন করতে হবে।

ফিজিতে বাংলাদেশের পোশাক-পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা : এদিকে একই দিনে মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তির জন্য নতুন সম্ভাবনাময় বাজার হয়ে উঠতে পারে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি। পাশাপাশি দেশটির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে।

বৈঠকে হাইকমিশনার জানান, প্রায় ৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার ফিজিতে প্রতি বছর ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ও হোটেল শিল্পের চাহিদা পূরণে দেশটিকে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। ফলে ফলমূল ও শাকসবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাওয়ার সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটিতে কর অবকাশ সুবিধাও দেওয়া হচ্ছে। এ ছাড়া প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। ফিজিতে দক্ষ ও আধাদক্ষ কর্মীর ঘাটতি রয়েছে।