সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, আটক সতিন

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে আঁখি বেগম (৩৫) ও তার ছয় বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত আঁখি বেগমের স্বামী আব্দুর রাজ্জাক মিয়ার দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে (৩২) আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমের সঙ্গে আঁখি বেগমের প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। মঙ্গলবার বিকেলে আঁখি বেগমের মেয়ে নানাবাড়ি থেকে ফিরে ঘরের ভেতর মা ও ছোট ভাইয়ের মরদেহ দেখতে পায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিনা বেগমকে আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।