নারায়ণগঞ্জে স্টাফ বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্টাফবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সানারপাড় এলাকায় এঘটনা ঘটে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, সানারপাড় মহাসড়কে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।