নিরাপদ খাদ্য আইনে সপ্তাহে ২৭ লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে গত সাত দিনে দেশব্যাপী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ প্রতিষ্ঠানকে মোট ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময় ১৫টি মামলার পাশাপাশি একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আইন প্রয়োগ, মনিটরিং ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত এক সপ্তাহে ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, বাধ্যতামূলক নিবন্ধন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা, রেফ্রিজারেটরে লেবেলবিহীন মাছ-মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক দেখাতে না পারায় একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, চুয়াডাঙ্গা, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া ও কুমিল্লা জেলায় ১১টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লেবেলবিহীন পণ্য সংরক্ষণ, পণ্য ক্রয়ের চালান দেখাতে ব্যর্থ হওয়া, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, নন-ফুডগ্রেড পাত্রে খোলা অবস্থায় খাদ্যপণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অপরাধে এসব প্রতিষ্ঠানকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১১টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া নাটোর ও কক্সবাজারে বিশুদ্ধ খাদ্য আদালতের পৃথক সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা এবং দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ১১ নভেম্বর নাটোরের দ্বারিক ভান্ডারের স্বত্বাধিকারীকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রায় চার মণ কাঁচাগোল্লা ও ৫০ কেজি ছানা ধ্বংস করা হয়। অন্যদিকে, ১৪ নভেম্বর কক্সবাজারে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা এবং আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আইন প্রয়োগের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রমও জোরদার করেছে বিএফএসএ। গত এক সপ্তাহে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ মোট ১০০টি খাদ্যস্থাপনা পরিদর্শন করা হয়েছে। এসব কার্যক্রমে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে নিরাপদ খাদ্যবিধি অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে।

এদিকে, নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে টেলিভিশন, বেতার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনে সচেতনতামূলক টিভিসি ও স্ক্রলবার্তা এবং বাংলাদেশ বেতারে নিরাপদ খাদ্যবিষয়ক অডিওবার্তা প্রচার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, রিলস ও ভিডিওর মাধ্যমে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

চলমান কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে কর্তৃপক্ষ। খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত তদারকি, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, মোবাইল কোর্ট পরিচালনা, খাদ্য নমুনা পরীক্ষা ও গবেষণার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার এ কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করা হবে।