চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রতিষ্ঠাবার্ষিকী বা হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। দু'পক্ষের উত্তেজনার মধ্যে হাতাহাতিতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে।
এর আগে, সকাল সাড়ে ১১টায় জিরো পয়েন্টে শোভাযাত্রা শুরু করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। হীরক জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত স্মারকলিপিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ১৯৯০ সালের জসীম-গাফফার কমিটির নাম বাদ পড়ায় ক্যাম্পাসে বিক্ষোভ করে ইসলামী ছাত্রশিবির। পরে মিছিল নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হল মোড় ও নিরাপত্তা দপ্তরের সামনে দিয়ে গিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে মিছিলটি শেষ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসময় উপস্থিত ছাত্রশিবিরের নেতাকর্মীরা হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীদের বাধা দেয় এবং উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা উভয়পক্ষকে নিবৃত্ত করেন। পরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা কেন্দ্রীয় খেলার মাঠের হীরক জয়ন্তী অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যায়।
ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রশিবিরের নেতাকর্মীরা বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রবেশ করার চেষ্টা করেছে।
তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে এই অভিযোগ নাকচ করে দেওয়া হয়। দু'পক্ষের মুখোমুখি অবস্থানে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ছাত্রশিবিরের দুইজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি।
আহতরা হলেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মাসুম বিল্লাহ এবং আরবি সাহিত্য বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মেফতাহুল আবেদিন আশিক।
জানতে চাইলে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “বহিরাগতদের নিয়ে হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রবেশ করার চেষ্টা করেছিল ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় দু'পক্ষের মুখোমুখি অবস্থানে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে আমি কিংবা আমার দলের নেতাকর্মীদের মধ্যে কেউ আহত হননি।”
অন্যদিকে, চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “আমাদের বিক্ষোভ মিছিল ছিল, সেটা শেষ করে আমরা হীরক জয়ন্তী অনুষ্ঠানস্থলে যাই। এসময় চবি ছাত্রদলের সভাপতি আমাদের ব্যানার ধরে টান দিয়ে প্রবেশে বাধা দেন। একপর্যায়ে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করলে আমাদের দুইজন সদস্য আহত হয়।”
আহত শিক্ষার্থীদের চবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। জানতে চাইলে চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব চৌধুরী বলেন, “দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।”
জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, “ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কিছুটা উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তরের কর্মীরা সবাইকে নিবৃত্ত করে পরিস্থিতি শান্ত করেছি।”