'আমি বল টেম্পারিং করছি পুরো দলই জানতো', বিস্ফোরক স্বীকরোক্তি ব্যানক্রফটের

২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং বা ‘স্যান্ডপেপার-গেট’ কেলেঙ্কারির কথা পুরো অস্ট্রেলিয়া দলই জানত—এমনই বিস্ফোরক দাবি করেছেন ক্যামেরন ব্যানক্রফট। শুধু তাই নয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্ত প্রক্রিয়াকে সুরক্ষা দিতে এবং অন্যদের বাঁচাতে তখন তিনি মিথ্যা বলেছিলেন বলেও স্বীকার করেছেন।

বুধবার অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত এক দীর্ঘ কলামে ব্যানক্রফট এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় ব্যানক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের সেই প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, এই পরিকল্পনার কথা কেবল এই তিনজনই জানতেন।

তবে সম্প্রতি অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজার আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর সিএ-র সেই তদন্তের ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে এবং নতুন করে বিতর্ক শুরু হয়। এরই ধারাবাহিকতায় মুখ খুললেন ব্যানক্রফট।

কলামে ব্যানক্রফট লিখেছেন, “দক্ষিণ আফ্রিকায় বলে স্যান্ডপেপার ব্যবহারের কথা শুধু আমরা তিনজন—স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার আর আমিই জানতাম না। পুরো দলই জানত।”

তদন্তের সময় তথ্য গোপন করার কথা স্বীকার করে তিনি আরও লেখেন, “ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমি তখন সম্পূর্ণ ও সত্য বিবরণ দিইনি। কখন স্যান্ডপেপার ব্যবহার শুরু হয়েছিল, কতক্ষণ চলেছিল এবং অন্যদের সম্পৃক্ততা ও জানার বিষয়টিসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি গোপন করেছিলাম। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে রক্ষা করতে এবং আমার আশপাশের অন্যদের না জড়াতেই আমি এমনটা করেছিলাম।”

২০১৮ সালের সেই টেস্টে খেলা অস্ট্রেলিয়ার চার বোলার—প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন ২০২১ সালে এক যৌথ বিবৃতিতে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে কিছু জানার কথা অস্বীকার করেছিলেন। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বর্তমান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স আবারও নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এবং খাজার বইয়ে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে উড়িয়ে দেন।

ব্যানক্রফট জানান, কামিন্সের সেই সংবাদ সম্মেলনই তাঁকে নীরবতা ভাঙতে বাধ্য করেছে।  ব্যানক্রফট দাবি করেন, স্যান্ডপেপার ব্যবহারের বুদ্ধিটি ডেভিড ওয়ার্নারের ছিল, তবে বিষয়টি নিয়ে ‘দলের বৃহত্তর পরিসরে’ আলোচনা হয়েছিল। বোলারদের সঙ্গে তাঁর নিয়মিত কথা হতো উল্লেখ করে তিনি বলেন, “বলের আচরণ কেমন হচ্ছে, তা নিয়ে আমি নিয়মিত বোলারদের সঙ্গে কথা বলতাম। আমাকে বলতেই হতো। আমার মনে আছে—প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং মিচেল মার্শসহ সব ফাস্ট বোলারের সঙ্গেই বল যথেষ্ট রিভার্স সুইং করছে কি না, তা নিয়ে আমার কথা হতো।”

কামিন্সের বক্তব্যের বিরোধিতা করে ব্যানক্রফট লেখেন, “দক্ষিণ আফ্রিকা সফরে শুধু তিনি (কামিন্স) নন, বাকি সবার সঙ্গে আমি যা দেখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি—তা তিনি তাঁর সংবাদ সম্মেলনে এবং বিগত বছরগুলোতে যেভাবে প্রকাশ করেছেন, তার সঙ্গে মেলে না। উসমান ইতিমধ্যে যা উল্লেখ করেছেন, তার পাশাপাশি আমার কাছেও এমন কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে যা তাঁর কথাকেই সমর্থন করে।”

নিজের ধ্বংস হয়ে যাওয়া ক্যারিয়ার নিয়ে আক্ষেপ প্রকাশ করে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার লেখেন, “আমার ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে এবং ২০১৯ সালে জাস্টিন ল্যাঙ্গার কোচ থাকার পর থেকে আমি আর দেশের হয়ে খেলার সুযোগ পাইনি। কিন্তু আমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে মনে হচ্ছে ঘটনার অসম্পূর্ণ বিবরণ রক্ষা করে চলাটা সত্য প্রকাশের চেয়েও বেশি ক্ষতিকর।”

উল্লেখ্য, ‘স্যান্ডপেপার-গেট’ কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটারের মধ্যে ব্যানক্রফটের আন্তর্জাতিক ক্যারিয়ারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সিরিজের পর অস্ট্রেলিয়ার জার্সিতে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

এদিকে, ২০১৮ সালের ওই সফরের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের বক্তব্য শোনার জন্য বুধবার একটি স্বাধীন ফোরাম খোলার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফটের সাম্প্রতিক মন্তব্যগুলো বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে বোর্ড।

এক বিবৃতিতে সিএ জানিয়েছে, “ক্যামেরন ব্যানক্রফট যে তাঁর নিজের গল্পটি বলেছেন, আমরা তাকে সম্মান জানাই এবং তাঁর মন্তব্যগুলো বিবেচনা করার জন্য সময় নেব। আমরা প্রত্যাশা করি ২০১৮ সালের ঘটনাগুলোর অনেক দিক বেরিয়ে আসবে, আর সে কারণেই সংশ্লিষ্টদের নিজ নিজ বক্তব্য তুলে ধরার জন্য আমরা এই ফোরাম গঠন করেছি। আমরা এর কার্যপরিধি চূড়ান্ত করছি এবং যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটি শুরু করব।”