সুনামগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত রবজুল হক মোড়ল মিয়া জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত কেরামত আলী মোডলের ছেলে।

স্থানীয়রা জানান, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের নিহত রবজুল হক মোড়ল, নুরুল আমীনরা দুর্গাপুর গ্রামের পাশে সুরমা নদীর হেকানী বিলটিতে গত ১৫ই নভেম্বর রাতে মাছ ধরার সময় একই গ্রামের জমির হোসেনের পক্ষের ফরিদ আলী, ওমর আলীসহ গংরা বাঁধা প্রদান দেন। এসময় নুরুল আমীনকে বেদড়ক পিঠিয়ে রক্তাক্ত করেন। এ ঘটনাকে কেন্দ্র করেন জমির হোসেনের পক্ষের লোকজন পুনরায় গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টায় দেশীয় অস্ত্র ছুলফি, লাঠিসোটা নিয়ে দিরাই উপজেলার ছাদিরপুরে এসে জড়ো হন। এ সময় নুরুল আমীন, রবজুল হক মোড়ল, তার বড়ভাই মইদুল হক মোড়ল ছাদিরপুর বাসস্টেশনে আসলে দুর্গাপুর গ্রামের উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রতিপক্ষ জমির হোসেনের পক্ষের লোকজন তাদের উপর হামলা করে। এক পর্যায়ে ফরিদ আলী গংরা রবজুল হক মোড়লকে মাটিতে ফেলে বুকে পা দিয়ে চাপা দিয়ে রাখলে সে ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো মামলা হয়নি। তবে মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।