বাংলা একাডেমিতে হেমন্ত উৎসব কাল

বাংলাদেশ ষড়ঋতু সংস্কৃতি পরিষদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘হেমন্ত উৎসব-১৪৩৩’। উৎসবে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি অংশ নেবে শ্রীলঙ্কান ইয়ুথ কালচারাল টিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ, লেখক ও গবেষক আবুল কাসেম হায়দার, সংস্কৃতিব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস সভাপতি ও চিত্রনায়ক হেলাল খান, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এবং চিত্রনায়ক ও প্রযোজক ফিরোজ শাহী।

হেমন্তের আবহ ও বাংলার ঋতুবৈচিত্র্যকে কেন্দ্র করে উৎসবে থাকছে আবৃত্তি, নৃত্য, সংগীত, গম্ভীরা ও পালানাট্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। আবৃত্তি পরিবেশন করবেন টিটু মুনশী, নাসিম আহমেদ ও সীমা ইসলাম। সংগীত পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরাসহ বরেণ্য শিল্পীরা। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য ও অন্যান্য পরিবেশনায় অংশ নেবেন।