জুরাইনে রিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

রাজধানীর জুরাইনে একটি বাসা থেকে জনি (২৯) নামে এক রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কদমতলী পূর্ব জুরাইন মদিনা মসজিদ রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন খান জানান, জনি জুরাইনের ওই বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি অটোরিকশা চালক। তবে নেশাগ্রস্ত ছিলেন। গত এক সপ্তাহ আগে তার স্ত্রী, চার বছর বয়সি মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর তার বাবার বাড়ি যান। বুধবার সকাল থেকে  জনির ফোন বন্ধ পেয়ে জুরাইনের বাসায় ফিরে আসেন তার স্ত্রী। এসে বাসার রুম তালাবদ্ধ দেখতে পান। তখন জানালার ফাঁক দিয়ে দেখেন, রুমের ভিতর মেঝেতে পড়ে আছেন জনি। এরপর জরুরি সেবা ট্রিপোল নাইনে কল করে জানান।

এসআই আরও জানান, জুরাইনের বাসার ৫ম তলার একটি রুমের তালা ভেঙে ভিতরে জনির অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। জনির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রুমের ভিতরে একটি রক্তমাখা কেচি ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে মাদক সেবনকে কেন্দ্র করে দ্বন্দ্বে জেরে জনিকে খুন করেছে। এরপর রুমের বাইরে তালা লাগিয়ে পালিয়ে গেছে তারা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের ধরার জন্য মাঠে কাজ করছে পুলিশ।

এদিকে, নিহত জনির ভায়রা মো. সুজন জানান, জনির স্থায়ী বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ। তার বাবা মৃত জাহাঙ্গির। বর্তমানে পূর্ব জুরাইনের ওই বাসায় স্ত্রী রোকেয়া ও চার বছর বয়সি মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তবে তিনি নেশাগ্রস্ত ছিলেন। গত এক সপ্তাহ আগে জনির স্ত্রী মেয়েকে নিয়ে বাবার বাড়ি নারায়ণগঞ্জের গিয়েছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত